Wednesday, September 23

তালেবানের সঙ্গে অস্ত্রবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা আফগান প্রেসিডেন্টের

0

আফগানিস্তানে তালেবানের সঙ্গে চলমান অস্ত্রবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। একইসঙ্গে জঙ্গিদের শান্তি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন। এদিকে চলমান অস্ত্রিবিরতির মধ্যেই শনিবার নানগড়হার প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছে।

এবারের ঈদে অভূতপূর্ব চিত্র দেখা গেলো আফগানিস্তানে। ঈদ উপলক্ষে ঘোষিত অস্ত্র বিরতিতে রাজধানী কাবুলসহ বিভিন্ন শহরে একই সঙ্গে উৎসব উদযাপন করলো আফগান বাহিনী ও তালেবান যোদ্ধারা। শান্তিপূর্ণ সহাবস্থানের এ দৃশ্য আগে কখনো দেখা যায়নি।

পুলিশ জানায়, নিরাপত্তা চেকপোস্টে অস্ত্র জমা দেয়ার পর শহরে ঢুকতে দেয়া হয় জঙ্গিদের। কাবুলে স্বরাষ্ট্রমন্ত্রী ওয়েইস বারমাকের সঙ্গে দেখা করেন তারা। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তালেবানদের তোলা ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সরকার ঘোষিত অস্ত্র বিরতির মেয়াদ শেষ হচ্ছে আজ। তবে এর মেয়াদ আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ গনি।

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি বলেন, আমরা আফগান তালেবানদেরও অস্ত্র বিরতির মেয়াদ বাড়ানোর আহ্বান জানাচ্ছি। অস্ত্রবিরতি চলাকালীন আহত তালেবান সদস্যদের চিকিৎসা সুবিধা দেবে সরকার। মানবিক সহায়তার পাশাপাশি পরিবারের সদস্যদের তাদের সঙ্গে দেখা করার পাবে।

তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি তালেবান। গত সপ্তাহে তালেবান নেতা আখন্দজাদা জানিয়েছিলেন, সরকারের সঙ্গে সমঝোতার আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে চান তিনি।

সরকার ও তালেবানের এমন সহাবস্থানে স্বস্তিতে সাধারণ জনগণ। দীর্ঘ দিনের সংকটের অভ্যন্তরীণ সমাধান চান তারা।

এদিকে নানগড়হার প্রদেশে সরকারি কর্মকর্তা ও তালেবান জঙ্গিদের জমায়েতে আত্মঘাতী বোমা হামলায় ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই তালেবান সদস্য। হামলার দায় স্বীকার করেনি কেউ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.