তিউনিসিয়া উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ৮০ জন নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার নৌকাটি জার্সিস শহরের কাছে ডুবে যায়। বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
স্থানীয়রা জানায়, ডুবন্ত নৌকা দেখে তিউনিসিয়ার জেলেরা চারজনকে উদ্ধার করে। তবে বাকি আরোহীদের কোনও হদিস পায়নি তারা। জীবিত তিনজন মালির নাগরিক বলে জানা গেলেও নিখোঁজ বাকিরা কোন দেশের তা জানা যায়নি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, বুধবার তিউনিশিয়া উপকূলে অভিবাসীদের নিয়ে একটি নৌকা ডুবে যায়। নৌকায় থাকা ৮২ জন নিখোঁজ রয়েছে। এছাড়া চারজনকে উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। এই চারজনের মধ্যে একজন হাসপাতালে নেয়ার পর মারা গেছেন।
তিউনিশিয়ার এক সরকারি সূত্র জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিরা কোস্ট গার্ডকে বলেছেন যে তারা লিবিয়া থেকে ইউরোপ যাচ্ছিল। কিন্তু এখানে এসে নৌকা ডুবে যায়। এতে অনেকেই পানিতে তলিয়ে গেছেন।
উল্লেখ্য, গেল মে মাসে একই উপকূলে অপর এক নৌকাডুবির ঘটনায় নিহত ৬৫ জনের মধ্যে ৩৭ জন ছিলেন বাংলাদেশি নাগরিক।