তিনশ নির্বাচনী এলাকায় অর্থাৎ জেলা পর্যায়ে স্বচ্ছ ব্যালট বাক্স পাঠাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন ভবন থেকে ট্রাকে ভরে পাঠানো হচ্ছে এসব ব্যালট বাক্স।
গতকাল রোববার রাতেও জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে ব্যালট বাক্স পাঠানো হয়েছে।
এর আগে গত ৭ নভেম্বর মনোনয়নপত্রসহ বেশ কিছু সামগ্রী পাঠিয়েছিল সংস্থাটি। এরপর গত ৮ ডিসেম্বর আরও কিছু সামগ্রী পাঠানো হয়। এছাড়া সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং পোলিং অফিসারসহ ভোটগ্রহণ কর্মকর্তাদের পরিচয়পত্র, নির্দেশিকা, ফরম ও প্যাকেট গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস থেকে সরবরাহ করা হয়।
ইসির ক্রয় ও মুদ্রণ শাখার প্রশাসনিক কর্মকর্তা কামরুল হাসান বলেন, ব্যালট পেপার বাদে অন্য সব নির্বাচনী সামগ্রী আমরা বিতরণ শুরু করেছি। ইতোমধ্যে অনেকগুলো জেলায় বিতরণ করা হয়েছে।
আগামী ৩০ ডিসেম্বর (রোববার) একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রার্থিতা বাছাইয়ের পর প্রত্যাহারও শেষ হয়েছে। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে।