অভিনেতা-নির্মাতা শামীম জামান তার দুই বন্ধু মোশাররফ করিম ও আ খ ম হাসানকে নিয়ে নতুন একটি ধারাবাহিকের কাজ শুরু করেছেন। নাটকে এই তিন বন্ধুর নায়িকা হচ্ছেন রোবেনা রেজা জুঁই ও নাবিলা ইসলাম।
এরইমধ্যে ধারাবাহিকটির প্রথম লটের কাজ শেষ করেছেন শামীম জামান। এর শিরোনাম ‘চাটাম ঘর’। বাংলাভিশনে প্রচারিতব্য এই ধারাবাহিকটি মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই’র প্রযোজনা সংস্থা ‘এম প্রোডাকশন’র ব্যানারে নির্মিত হচ্ছে।
এটি রচনা করেছেন মোহাম্মদ মামুন অর রশীদ। শামীম জামান জানান, আপাতত নাটকটির ৫২ পর্ব নির্মিত হচ্ছে। মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই সর্বশেষ ‘তিনি আসবেন’ ধারাবাহিকটি প্রযোজনা করেছিলেন। এটি নির্মাণ করেন মারুফ মিঠু।
মোশাররফ করিম বলেন, ‘শামীম জামান ও আখম হাসানের সঙ্গে কাজ করতে গেলে মনেই হয় না কাজ করছি। কারণ তেমন কোনো চাপ অনুভব করি না। আমি যতজন পরিচালকের নির্দেশনায় কাজ করে আনন্দ পাই, তাদের মধ্যে শামীম জামান অন্যতম। শামীম জামানের অনেক নাটকই দর্শকপ্রিয়তা পেয়েছে। এই ধারাবাহিক আরো অসাধারণ হয়ে উঠবে বলেই আমি আশা করি।
শামীম জামান বলেন, ‘চাটাম ঘর নিয়ে আমি অনেক বেশি আশাবাদী। আমার বিশ্বাস চাটাম ঘর দর্শকের মনের চাহিদা পূরণ করতে সক্ষম হবে। কারণ এই নাটকের গল্পে অনেক ভিন্নতা আছে। আর যারা অভিনয় করছেন প্রত্যেকেই যার যার চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। আমি বিশেষত কৃতজ্ঞ আমার বন্ধু মোশাররফ করিমের কাছে। সেইসাথে আখম হাসানের কাছেও।’
আখম হাসান বলেন, ‘কয়েকদিনের শুটিংয়ে বুঝতে পেরেছি যে, নাটকটি বেশ জমে উঠবে। সমাজে কিছু মানুষ আছে শুধু চাপাবাজি করতে পছন্দ করে। এমন কিছু মানুষের গল্প আছে এই নাটকে যা দর্শকের কাছে ভীষণ উপভোগ্য হবে বলে আমি বিশ্বাস করি। আমাদের সমাজের কিছু মানুষের প্রতিচ্ছবি এই ধারাবাহিকে উঠে আসবে।’
রোবেনা রেজা জুঁই বলেন, ‘শামীম ভাই আমাদের নিজেদেরই একজন মানুষ। যে কারণে তার নির্দেশনায় কাজ করতে গেলে আমি এবং মোশাররফ দুজই ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি।’ নাবিলা ইসলাম বলেন, ‘চাটাম ঘরের গল্প আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে।’