Wednesday, September 23

তুরাগ নদী থেকে ২ শিক্ষার্থীর লাশ উদ্ধার

0

রাজধানী ঢাকার অদূরে আশুলিয়ায় তুরাগ নদী থেকে ২ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকাল সাড়ে ৫টায় আশুলিয়ার বাজার ব্রিজসংলগ্ন পানিতে লাশ দুটি ভেসে ওঠলে এলাকাবাসী দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে একজনের পরনে নীল রঙের কামিজ ও সাদা পায়জামা এবং অপরজনের সাদা পায়জামা এবং খয়েরি রঙের কামিজ পড়া দু’জনের মরদেহ নদীতে ভেসে ওঠে। তবে নিহতদের দেহে পরিহিত জামা দেখে শিক্ষার্থী মনে হলেও এতে কোন বিদ্যালয়ের মনোগ্রাম পাওয়া যায়নি।

এ ব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ পারভেজ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা আত্মহত্যা করেছে।
তিনি এলাকাবাসীর বরাত দিয়ে বলেন, আশুলিয়া বাজারসংলগ্ন তুরাগ নদী থেকে ভাসমান অবস্থায় লাশ দুটি দেখে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এ পুলিশ কর্মকর্তা আরও জানান, দুপুরের দিকে স্কুলের ড্রেস পড়া ওই দুই ছাত্রীকে নদীর পাড়ে বসে কাঁদতে দেখা যায়। পরবর্তীতে তাদের নদীর পানিতে গোসল করতে দেখা যায়। তার প্রায় ঘণ্টাখানেক পর তাদের লাশ নদীতে ভেসে ওঠে। ময়নাতদন্ত শেষে জানা যাবে তাদের কীভাবে মৃত্যু হয়েছে।

তবে এ বিষয়ে এলাকাবাসী জানায়, নদীতে পানি আসায় আশুলিয়ার তুরাগ নদীতে বেড়ানোর জন্য কয়েকশ নৌকা রয়েছে। নৌকায় বেড়ানোর নামে অসামাজিক কর্মকাণ্ড চলছে দেদার। এর মাধ্যমে একটি শ্রেণি হাতিয়ে নিচ্ছে বিপুল অঙ্কের টাকা। মতের অমিল ঘটলে অনেকেরই সর্বস্ব হারিয়ে ফিরতে হয়। এরই বলি হতে পারে ওই ছাত্রী।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.