Wednesday, September 30

তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে ইমরান খান

0

পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও বর্তমানে দেশটির অন্যতম প্রধান রাজনৈতিক নেতা ইমরান খান তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গতকাল রোববার ইমরান খান বিয়ে করেছেন তাঁর আধ্যাত্মিক ধর্মগুরু বুশরা মানেকাকে।

গতকাল লাহোরে এক সাধারণ ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে বুশরা মানেকাকে বিয়ে করেন ইমরান। অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে বুশরার ভাইয়ের বাড়িতে। অনেকেই বুশরাকে ডেকে থাকেন ‘বুশরা বিবি’ বা ‘পিংকি পির’ হিসেবে।

এ বছরের জানুয়ারি থেকেই গুঞ্জন উঠেছিল যে তৃতীয়বারের মতো বিয়ে করতে চলেছেন ইমরান খান। সে সময় টুইটারে তেমন কিছুরই ইঙ্গিত দিয়েছিলেন তেহরিক-ই-ইনসাফ নামে রাজনৈতিক দলের প্রধান। বুশরা মানেকাকে যে তিনি নিজের আধ্যাত্মিক গুরু হিসেবে মানেন, সেটাও জানিয়েছিলেন ইমরান।

১৯৯৫ সালে ইমরান খান বিয়ে করেছিলেন জেমিমা গোল্ডস্মিথকে। নয় বছর পর ২০০৪ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে। এরপর ২০১৫ সালে ইমরান বিবাহবন্ধনে জড়িয়েছিলেন টিভি উপস্থাপিকা রেহাম খানের সঙ্গে। কিন্তু তাঁদের এই সম্পর্ক স্থায়ী হয়েছিল মাত্র ১০ মাস। এরপর তৃতীয়বারের মতো ইমরান বিয়ের পিঁড়িতে বসেছেন নিজের আধ্যাত্মিক ধর্মগুরুর সঙ্গে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.