রাজধানীর উত্তরার তুরাগ থানা এলাকার প্রধান সড়কের বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি বাসকে থামার সংকেত দেন সংগীতশিল্পী পারভেজ রব। কিন্তু বাসটি থামেনি। উল্টো সেটি পারভেজ রবকে চাপা দিয়ে চলে যায়। তখন চালকের আসনে বসে বাসটি চালাচ্ছিলেন সুপারভাইজার আকতার হোসেন। আর তাঁর পাশের আসনে বসে ছিলেন চালক মো. সুমন।
এ হত্যার ঘটনায় ভিক্টর ক্লাসিক পরিবহনের চালক মোহাম্মদ সুমন (২৮) ও সুপারভাইজার আকতার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার এ দুজনকে গ্রেফতার করে ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিএমপির হেড অফিস থেকে জানানো হয়, ডিবির উত্তরা বিভাগের একটি টিম নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইড় বাজার এলাকা থেকে চালক সুমন এবং শরীয়তপুরের নড়িয়ার দিনারা এলাকা থেকে বাসের সুপারভাইজার আকতার হোসেনকে গ্রেফতার করে। পরে তাদের ঢাকায় নিয়ে আসা হয়।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন ডিবি পুলিশকে জানান, ঘটনার দিন সকাল ১০টার দিকে তিনি ও সুপারভাইজার আকতার বাসটি নিয়ে বের হন। এসময় বাসটি চালানোর জন্য বলেন সুপারভাইজার। তাকে বাসটি চালাতে দেন তিনি। তখন পাশের আসনে বসে ছিলেন চালক সুমন।
রাজধানীর উত্তরার তুরাগ থানার ধউর এলাকায় প্রধান সড়কে পারভেজ রব বাসটি থামার সংকেত দেন। কিন্তু চালকের আসনে বসে থাকা সুপারভাইজার বাসটি না থামিয়ে তাকে চাপা দিয়ে দ্রুত গতিতে চলে যান। পরে নিরাপদ জায়গায় গিয়ে বাসটি থামিয়ে তারা দুজন পালিয়ে যান।
ডিবি পুলিশ জানায়, বাসচালক সুমন এবং সুপারভাইজার আকতার হোসেন কারো ড্রাইভিং লাইসেন্স ছিল না।
এদিকে গত ৫ সেপ্টেম্বর সংগীতশিল্পী পারভেজ মারা যাওয়ার দুই দিন পর ভিক্টর ক্লাসিক পরিবহনের আরেকটি বাসের চাপায় তার ছেলে ইয়াসির আলভী আহত হন। একই সঙ্গে আহত হন তার বন্ধু মেহেদী। সেদিন বাবার কুলখানির বাজার করতে গিয়েছিলেন আলভী। আলভী বেঁচে গেলেও ৭ সেপ্টেম্বরের তার বন্ধু মারা যান।