উম্মুল মাদারিস খ্যাত উপমহাদেশের প্রাচীন ও দ্বিতীয় বৃহত্তম দ্বীনী শিক্ষাপ্রতিষ্ঠান আলজামিআতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী। আগামি ৩ জানুয়ারী ২০২০ইং রোজ শুক্রবার মাদরাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই দিন বা’দ ইশা বিগত বছরে দাওরায়ে হাদীস সমাপনকারী ছাত্রদের দস্তারে ফযীলত প্রদান করা হবে।
এ লক্ষ্যে পুরো জামিআজুড়ে চলছে প্রস্তুতি ও সাজসাজ রব। বিশাল আয়োজনের প্রস্তুতিও ইতোমধ্যে শেষের দিকে। হাজার হাজার মুসলিম জনসাধারণের সমবেত হওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে এক বিশাল মাঠ। দিন দিন শ্রোতাদের সমাগম বৃদ্ধি পাওয়ায় মাঠের আয়তনেও বৃদ্ধি করা হয়েছে। ক্যাম্পাস, মসজিদ ও শ্রেণীকক্ষগুলোকেও আগত মুসল্লির উপযোগী করে প্রস্তুত করা হয়েছে। আগত মেহমানদেরকে সাদরে বরণ করার নিমিত্তে সার্বিকভাবে উপযোগি করা হয়েছে মাদরাসার পরিবেশ। মাদরাসার ভেতর বাহির সর্বাস্থানে সাজানো-গোছানের অনুপম ছোঁয়া লক্ষ করা গেছে।
এ মহতি মাহফিলকে সফলকাম করার জন্য রাত-দিন নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন জামিআর শিক্ষক, স্টাফ ও শিক্ষার্থীবৃন্দ।
স্থানীয় অধিবাসীগণও এ মাহফিলকে সফল করার লক্ষ্যে বিভিন্নভাবে সহযোগিতা করছেন।
আগামী ৩ জানুয়ারী রোজ শুক্রবার দিনব্যাপী মাহফিলে বক্তব্য রাখবেন দেশের সুযোগ্য ও সুবিখ্যাত উলামায়ে কেরাম। দেশ ও জাতির উদ্দেশ্যে বিশেষ হেদায়েতি বক্তব্য রাখবেন মাদরাসটির মহাপরিচালক ও হেফাযতে ইসলামের আমীর আল্লামা আহমদ শফী দা.বা.। বাদ জুমা বয়ান এবং মাহফিল শেষে আখেরী মোনাজাত পরিচালনা করবেন তিনি। শুক্রবার দিবাগত রাত ইশার নামায পর্যন্ত চলবে আলোচনা ও ওয়ায-নসীহত পর্ব।
বাদ ইশা বিগত বছরের দাওরায়ে হাদীস ফারেগীন ছাত্রদের দস্তারবন্দী সম্মেলন (সমাবর্তন) অনুষ্ঠিত হবে। এতে ২১৯৮ জন শিক্ষার্থীকে সম্মানসূচক পাগড়ি সনদপত্র প্রদান করা হবে।
দেশের সর্বস্তরের ইসলামপ্রিয় জনসাধারণের প্রতি বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলনে শরীক হওয়ার আহ্বান জানিয়েছেন মাদরাসাটির মহাপরিচালক আল্লামা আহমদ শফী। সম্মেলনটির সুষ্ঠু ব্যবস্থাপনার জন্যও সকলের সার্বিক সহযোগিতা ও দুআ চেয়েছেন তিনি।