স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন ঢাকা মহানগরে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন ৫-৬ লাখ টিকা দেওয়া হচ্ছে। তবে এবার টিকা প্রয়োগের পরিমাণ আরও বাড়ানো হবে বলে।
তিনি বলেন, ‘আমরা প্রতিদিন ১০ লাখ টিকা দেওয়ার জন্য কাজ করছি। অল্প দিনেই তা শুরু হয়ে যাবে।’ আজ সোমবার সকালে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের টিকা কর্মসূচি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
জাহিদ মালেক বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের সক্ষমতা অনেক ভালো। আমরা একদিনে ৮০ লাখেরও বেশি টিকা দিয়েছি। এই সক্ষমতা আমাদের আছে। আমাদের রেগুলার টিকা কার্যক্রম চলমান আছে। আমরা যখন ৮০ লাখ টিকা দেই, তখনও তা চলমান থাকে। আমরা প্রতিদিন ৫-৬ লাখ টিকা দিয়ে থাকি। এখানে আরও ৪০ হাজার স্কুল শিক্ষার্থী যুক্ত হলো। ৪০ হাজার কেন, চার লাখ যুক্ত হলেও আমরা সেটা দিতে পারবো। আমাদের তার জন্য জনবল, টিকা, ব্যবস্থা সবই আছে। আরও প্রয়োজন হলে আরও বাড়াবো।’
জাহিদ মালেক বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনায় ২১ কোটি টিকা ক্রয় করেছি। এই টিকা কিনতে হাজার হাজার কোটি টাকা লেগেছে। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমেও টিকা পেয়ে যাচ্ছি। সেখানেও প্রায় সাত কোটি টিকার প্রতিশ্রুতি আছে। কাজেই টিকার অভাব হবে না।’
শিক্ষার্থীদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘তোমরা টিকা পেয়ে যাবে, পড়াশোনায় মনোযোগী হও। স্কুলে আসো, কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক পরতে হবে। সংক্রমণ কিন্তু টিকা রোধ করতে পারে না।’
এ সময় শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি ছাড়াও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মাহবুব হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. খুরশীদ আলম এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার প্রমুখ।