প্রায় ছয় বছর কারা ভোগ করছেন ডেসটিনি গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন এবং চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন। দীর্ঘদিন কারাগারে থাকায় মারাত্মক শারীরিক সমস্যায় ভুগছেন তারা। রফিকুল আমিন ডায়বেটিস, হৃদরোগ, কিডনি, কোমরের হাড় ক্ষয়সহ জটিল রোগে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় কারাগারের চিকিৎসকরা। কারাগারে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা না থাকায় সম্প্রতি তাঁকে বারডেম হাসপাতালে স্থানান্তর করে কারা কর্তৃপক্ষ।
অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় বিনা বিচারে পাঁচ বছর সাত মাস ধরে কারাগারে আছেন ডেসটিনি গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন এবং চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন। দীর্ঘ কারাবাসের কারণে ডায়বেটিস, হৃদরোগ, কিডনি, কোমরের হাড়ক্ষয়সহ নানা সমস্যায় ভুগছেন রফিকুল আমিন। চলতি বছরের ১৭ জানুয়ারি শারীরিক অবস্থার অবনতি হলে কেন্দ্রীয় কারাগারের চিকিৎসকরা তাকে বারডেম হাসপাতালে ভর্তির সুপারিশ করেন।
কেন্দ্রীয় কারাগারের চিকিৎসকরা জানান, ডায়বেটিসে আক্রান্ত রফিকুল আমিনকে দিনে চারবার ইনসুলিন নিতে হয়। মেরুদন্ডের হাড়ক্ষয়ের কারণে দৈনিক দুইদফা ফিজিওথেরাপিও নিতে হয় তাঁকে। কারাগারে এসব সুবিধা না থাকায় আদালতের নির্দেশে সুচিকিৎসার জন্য রফিকুল আমিনকে বারডেম হাসপাতালে ভর্তির পরামর্শ দেন কারা চিকিৎসক।
কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বারডেম হাসপাতালে রফিকুল আমিনের চিকিৎসা চলছে। তবে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে একটি পত্রিকা মিথ্যে তথ্য দিয়ে উদ্দেশ্যমূলকভাবে সংবাদ পরিবেশন করছে বলে জানান ডেসটিনির আইনজীবী ব্যারিস্টার মঈনুল ইসলাম। তিনি জানান, হাইকোর্ট রফিকুল আমিনের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে।
এদিকে, ডেসটিনির কর্মকর্তারা বলেছেন- প্রতিষ্ঠানটির এমডি ও চেয়ারম্যানকে বিনা বিচারে ৬ বছর কারাগারে আটকে রাখা আইনের শাসনের পরিপন্থী। তাদের অসুস্থতা নিয়ে ভিত্তিহীন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহবান জানান তারা।
তারা জানান- কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রফিকুল আমিন বারডেম হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কারা পুলিশ ছাড়াও সেখানে সার্বক্ষণিক ডিউটি করেন ছয়জন পুলিশ সদস্য।