Sunday, September 20

দুই ট্রফি নিয়ে দেশে ফিরলেন টাইগাররা

0

প্রায় দেড় মাসের ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দুই ট্রফি নিয়ে দেশে ফিরেছেন টাইগাররা। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৫৫ মিনিটে নিউইয়র্ক থেকে দুবাই হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান লিটন-মোস্তাফিজরা। শিষ্যদের সঙ্গে ফিরেছেন কোচ স্টিভ রোডসও।

তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর টিম ম্যানেজমেন্টসহ দলের সঙ্গে আসেননি বেশ কজন সিনিয়র ক্রিকেটার। ওয়ানডে সিরিজ শেষে ছুটিতে আছেন মাশরাফি। পরিবার নিয়ে সেখানেই সময় কাটাচ্ছেন টাইগারদের ইতিহাসের সফলতম এই অধিনায়ক। ছুটি নিয়েছেন তামিম-সাব্বিররাও।

সাকিব আল হাসানের শ্বশুরবাড়ি ফ্লোরিডাতে। স্ত্রী ও মেয়েকে নিয়ে সেখানে অবস্থান করবেন। কয়েকদিনের মধ্যেই দেশে ফিরে পবিত্র হজ পালনে যাওয়ার কথা রয়েছে টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়কের। আর তাই বিশ্বসেরা অলরাউন্ডার এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছেন।

আর মাহমুদউল্লাহ যুক্তরাষ্ট্র থেকে যাচ্ছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে। এবারের সিপিএলে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিওটসের হয়ে খেলবেন তিনি। ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের আগ পর্যন্ত সেখানে খেলবেন মিস্টার কুল। তাই তাদের ছাড়াই ফিরতে হলো বাকিদের।

এবারের ওয়েস্ট ইন্ডিজ সফর সফল হয়েছে বাংলাদেশের। দুই ম্যাচ টেস্ট সিরিজে ধবলধোলাই হলেও ওয়ানডেতে ঘুরে দাঁড়ায় টাইগাররা, ২-১ ব্যবধানে জিতে নেয় তিন ম্যাচ সিরিজ। এ নিয়ে ৯ বছর পর বিদেশের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ নেয় তারা। টি-টোয়েন্টি সিরিজেও সেই ধারাবাহিকতা ধরে রাখে বাংলাদেশ। প্রথমটি হারলেও দুর্দান্ত কামব্যাকে ২-১ ব্যবধানে তিন ম্যাচ সিরিজ ঘরে তোলে সফরকারীরা। এতে ঘোচে ৬ বছরের আক্ষেপ। অর্ধযুগ পর দেশের বাইরে ক্রিকেটের সংক্ষিপ্ত সংষ্করণের সিরিজ জেতেন তামিম-সাকিবরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.