যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১৭ নভেম্বর) শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ‘ক্যাসিনো সম্রাট’ খ্যাত ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে এ মামলা করেন দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম।
দুদকের করা মামলায় বলা হয়েছে, অবৈধভাবে উপার্জিত অর্থ দিয়ে ঢাকার গুলশান, ধানমন্ডি, উত্তরাসহ বিভিন্ন স্থানে ফ্ল্যাট কিনেছেন সম্রাট। এছাড়া প্লট কিনে বাড়ি নির্মাণ করেছেন। নামে বেনামে সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই ও যুক্তরাষ্ট্রে তার প্রায় এক হাজার কোটি টাকার সম্পদ রয়েছে।
ক্যাসিনোবিরোধী অভিযান চলার পর আত্মগোপনে চলে যান যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সম্রাট। এরপর ৭ আগস্ট কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী আরমানকে গ্রেফতার করে র্যাব। তারা ভারত পালিয়ে যাওয়ার চেষ্টায় ছিলেন।