আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে ক্রিকেট পরাশক্তি ভারতের বিরুদ্ধে ইতোমধ্যেই হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। এর আগে এই টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে অসাধারণ এক সেঞ্চুরি করেছিলেন তিনি। এর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে তার ব্যাট থেকে আসে ৯৫ রান। তার পর নিউজিল্যান্ডের বিপক্ষে না পারলেও সেমিফাইনালে ভারতের বিপক্ষে আরেকটি হাফ সেঞ্চুরি উপহার দিলেন এই টাইগার ওপেনার। ২৮তম ওভারের শেষ বলে তিনি যখন আউট হন তখন দলীয় সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৫৪ রান। আর তার নিজের সংগ্রহে ছিল অনবদ্য ৭০ রান। ৮২ বল মোকাবেলা করে তিনি হাঁকিয়েছেন ১ ছক্কা ও ৭টি বাউন্ডারি।
আজ বৃহস্পতিবার বার্মিংহামের এজবাস্টনে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই সৌম্য সরকার ও সাব্বির রহমানকে হারিয়ে সতর্ক ব্যাটিং শুরু করেন তামিম। এরপর মুশফিকুর রহিমকে সাথে নিয়ে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন বাঁহাতি ওপেনার। ব্যাটিংয়ে নেমে ৬২ বল মোকাবেলা করে হাফসেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এতে ৪টি বাউন্ডারি ও একটি ছক্কার মার ছিল। বাংলাদেশের দলীয় রান তখন ১৯ দশমিক ১ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৪।
২৮ বছর বয়সী এই বাঁহাতি ওপেনারের এটি ১৭২তম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ। ক্যারিয়ারে ১৭০ ইনিংসে ব্যাট করে মোট ৩৮টি হাফ সেঞ্চুরি করেছেন বুম বুম খ্যাত ক্রিকেটার। ভারতের বিপক্ষে এটি তার সপ্তম হাফ সেঞ্চুরি। ভারতের শিখর ধাওয়ানকে ছাপিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি।