সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে, দুর্নীতি করে কেউ পার পাবে না।
আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন- বিআরটিসি’র ভবন আধুনিকায়নের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেতুমন্ত্রী বলেন, ‘বিগত সরকারের সময়ে বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। আজ সে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে শেখ হাসিনা সরকার জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করছেন।’ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততার সঙ্গে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বিআরটিসিকে যেকোনো মূল্যে সুনামের ধারায় ফিরিয়ে আনার আহ্বান জানান।
ওবাযদুল কাদের বিআরটিসিকে জনসেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় যা যা করা দরকার, সবই করার আহ্বান জানিয়ে বলেন, ‘দুর্নীতি বন্ধ করতে না পারলে কোনো সফলতা আসবে না।’
বিআরটিসিকে আধুনিক পরিবহণে রূপান্তর করতে এবং যাত্রীসেবার মান উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশনা দিয়ে ওবায়দুল কাদের বলেন, বিআরটিসির গাড়িগুলোকে আরও আধুনিকায়ন ও দৃষ্টিনন্দন করে গড়ে তুলতে হবে।
সেতুমন্ত্রী আরও বলেন, বিআরটিসির কার্যালয়গুলোর শুধু সৌন্দর্যবর্ধন করলেই হবে না, যাত্রীসেবার মানও নিশ্চিত করতে হবে।
ওবায়দুল কাদের আরও বলেন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বিআরটিসির প্রধান কার্যালয়সহ প্রতিটি ডিপো অডিট ফার্মের মাধ্যমে অডিট কার্যক্রম সম্পন্ন করাসহ অভ্যন্তরীণ অডিট আরও জোরদার করতে হবে।
গাড়িগুলো মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বরাদ্দ করা অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, ‘ফিজিক্যাল ওয়ার্ক শতভাগ না করে কেউ যেন সম্পূর্ণ বিল তুলে নিতে না পারে, সে বিষয়টি কঠোরভাবে মনিটর করতে হবে।’