Sunday, July 26

দেশকে করোনামুক্ত রাখতে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উৎসব পালনের আহ্বান রাষ্ট্রপতির

0

করোনামুক্ত থাকতে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উৎসব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আজ মঙ্গলবার ঈদের নামাজ আদায় করার পর বঙ্গভবনের ক্রিডেনশিয়াল হলে মিডিয়ার মাধ্যমে দেশবাসীর প্রতি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানানোর সময় এ কথা বলেন রাষ্ট্রপতি।

আবদুল হামিদ বলেন, ‘আমাদের একটা কথা মনে রাখতে হবে, করোনা মহামারি নিয়ন্ত্রণে থাকলেও করোনাভাইরাস পুরোপুরি শেষ হয়ে যায়নি। বিশ্বের বিভিন্ন দেশে করোনার সংক্রমণ আবারও বৃদ্ধি পাচ্ছে।’

তাই চলাফেরা ও জীবনাচারে সাবধানতা অবলম্বন না করলে যেকোনো সময় করোনা পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘সবাইকে খুশি করতে গিয়ে যেন আমরা বিপদ ডেকে না আনি।’

রাষ্ট্রপতি বলেন, বর্তমানে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, তাই এবার মানুষের মধ্যে বাঁধভাঙা আনন্দ উপভোগের প্রবণতা দেখা দেবে-এটাই স্বাভাবিক। তিনি দেশবাসীকে ধনী-গরিব নির্বিশেষে ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে উপভোগেরও আহ্বান জানান। সরকার দেশের নাগরিকের মুখে হাসি ফোটাতে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ঈদুল ফিতরের আগে ৩২ হাজার ৯০৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বাড়ি দেওয়া হয়েছে।

তিনি বলেন, ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মাধ্যমে সবার মুখে হাসি ফোটানোই হোক এবারের ঈদুল ফিতরে সবার অঙ্গীকার।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.