আজ (২৬ জুলাই) জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় দেশে নতুন করে তিন উপজেলা ঘোষণা করা হয়েছে।
এই তিনটি উপজেলা গঠন করায় দেশে মোট উপজেলার সংখ্যা ৪৯৫টি। এর আগে দেশের ৮টি বিভাগে ৬৪টি জেলায় মোট ৪৯২টি উপজেলা ছিল।
ঘোষণাকৃত উপজেলা তিনটি হলো- সুনামগঞ্জের মধ্যনগর, মাদারীপুরের কালকিনি ও কক্সবাজারের ঈদগাহ। এছাড়া দক্ষিণ সুনামগঞ্জের নাম পরিবর্তন হয়ে শান্তিগঞ্জ হয়েছে।
সর্বশেষ নিকার বৈঠক অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ২১ অক্টোবর। ওই বৈঠকে ফরিদপুর সিটি করপোরেশন প্রতিষ্ঠার প্রস্তাব শর্তসাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে নিকার। ওই বৈঠকের নীতিগত সিদ্ধান্ত ছিল বিভাগীয় সদর দপ্তরই হবে সিটি করপোরেশন।
ফরিদপুর এখনো বিভাগীয় শহর হয়নি। যখন বিভাগীয় শহর হবে তখন থেকেই ফরিদপুর সিটি করপোরেশন কার্যকর হবে।
২০১০ সালের স্থানীয় সরকার (সিটি করপোরেশন) প্রতিষ্ঠা বিধিমালা অনুযায়ী, কোনো পৌর এলাকায় সিটি করপোরেশন প্রতিষ্ঠার ক্ষেত্রে আটটি শর্ত পূরণ করতে হয়। বিধিমালা অনুসারে পৌর এলাকার জনসংখ্যা হতে হবে ন্যূনতম ৪ লাখ। বিধি অনুয়ায়ী জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৩ হাজার জন থাকতে হবে। স্থানীয় আয়ের উৎস ৫ কোটি টাকা হতে হয়। প্রস্তাবিত এলাকায় শিল্পপ্রতিষ্ঠান থাকতে হবে ও এগুলো বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ হতে হবে।
সিটি করপোরেশন হতে হলে আয়তন হতে হবে কমপক্ষে ২৫ বর্গকিলোমিটার। একই ধরনের শর্ত রয়েছে উপজেলা, পৌরসভা ও থানা গঠনের ক্ষেত্রেও।