নৌমন্ত্রী শাহজাহান খান এমপি বলেছেন, বর্তমান সরকারের আমলেই দেশের সব নদী খননের উদ্যোগ নেয়া হয়েছে। আজ বরিবার বিকেলে মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া পয়েন্টের পদ্মায় ড্রেজিং কাজ উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এসময় বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের এমপি এ এম নাঈমূর রহমান দুর্জয়, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুস সামাদ, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট গোলাম মহীউদ্দীন, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আব্দুল মতিন, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান।
জানা গেছে, পাবনার পদ্মার পাড়ে রুপপুর নাক স্থানে বিদ্যুৎ প্রকল্প বাস্তায়বায়নে নৌপথে মালামাল সরবরাহ সহজতর করার লক্ষে ৪৬০ কিলোমিটার এলাকা ড্রেজিং করার সিন্ধান্ত নেয়া হয়। সরকারের নিজস্ব অর্থায়নে ৯৫৬ কোটি টাকা ব্যয়ে খনন কাজ করা হবে। ৫টি কোম্পানির ১৫টি ড্রেজার দিয়ে বাংলাদেশ নৌ-বাহিনী এ কাজ সম্পূর্ণ করবে। ওয়াল্ড ব্যাংকের সহায়তায় ইতোমধ্যে চট্রগ্রাম বন্দর থেকে রুপপুর পর্যন্ত কয়েকটি পয়েন্টে ড্রেজিং কাজ শুরু হয়েছে।
এছাড়া, মংলা বন্দর থেকে পাকশী হার্ডিজ ব্রিজ পর্যন্ত আরোও একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। যার নামকরণ করা হয়েছে-‘মংলা বন্দর হতে চাঁদপুর-মাওয়া-গোয়লন্দ হয়ে পাকশী পর্যন্ত নৌপথের নাব্যতা উন্নয়ন’।