দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। চলতি মাসে করোনায় এটিই সর্বোচ্চ মৃত্যু। এর আগে ১২ ডিসেম্বর করোনায় ছয়জনের মৃত্যু হয়।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় র্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২২ হাজার ৬৬৭টি নমুনা পরীক্ষা করে ৫০৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ২৫ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে করোনায় মোট মারা গেছেন ২৮ হাজার ৭০ জন। শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৮৫ হাজার ২৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় চারজন পুরুষ ও তিনজন নারী মারা গেছেন। তাদের মধ্যে পাঁচ জন ঢাকা, একজন চট্টগ্রাম ও একজন রাজশাহী বিভাগের।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।