Sunday, July 26

দেশে চালু হচ্ছে এজেন্ট ব্যাংকিং

0

বহু জল্পনা-কল্পনার পর অবশেষে দেশে চালু হতে যাচ্ছে এজেন্ট ব্যাংকিং। পোস্ট অফিসে এই ব্যাংকিং কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এই তথ্য জনান। তিনি বলেন, আগামী এক-দুই মাসের মধ্যে পোস্ট অফিসগুলোতে গ্রাহকেরা এজেন্ট ব্যাংকিংয়ের সুবিধা পাবেন। এরআগে সারাদেশে পোস্ট অফিসের মাধ্যমে পোস্ট অফিস স্পেশালাইজড ব্যাংক বা পোস্ট ব্যাংক চালুর পরিকল্পনা নিয়েছিলেন তিনি। তবে অনুমোদন না আসায় পোস্ট অফিসগুলোকে ব্যবহার করে এজেন্ট ব্যাংকিং সেবার পরিকল্পনা নেয়া হয়েছে। পোস্ট অফিসের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে জানিয়ে তিনি বলেন, প্রতিটি ডাকঘর সার্ভিস ডাইভারসিফিকেশন করবে, যা ইতোমধ্যে শুরু হয়েছে। ইতোমধ্যে ২০টি পোস্ট অফিসে ই-কমার্স সার্ভিস চালু করা হয়েছে।
এজেন্ট ব্যাংকিং সেবা চালুর জন্য ইতোমধ্যেই বেশ কয়েকটি সরকারি ব্যাংকের সঙ্গে চুক্তি হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বেসরকারি ব্যাংকগুলোরও এতে আগ্রহ রয়েছে। তারা এগিয়ে এলে সারাদেশে এ সেবা শুরু হবে। ডাক-বিভাগকে লাভজনক করার জন্য এজেন্ট ব্যাংকিং চালুর উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী দেড় বছরের মধ্যে এই উদ্দেশ্য সফল হবে। সারা দেশে বর্তমানে ৯ হাজার ৮৮৬টি পোস্ট অফিস রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.