চলতি বছরে দেশে নির্যাতনের শিকার হয়েছেন মোট ১ হাজার ৭৩৭ নারী। এদের মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৮৩৪ জন। এ বছর গণধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে নারীর আত্মহত্যার সংখ্যা বেড়েছে। গতকাল সেগুনবাগিচায় সুফিয়া কামাল ভবন মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। ১৮টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ওপর ভিত্তি করে এই জরিপ করা হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, নারী নির্যাতনের ঘটনায় রাষ্ট্র যদি আপসহীন, ক্ষমাহীন এবং জিরো টলারেন্স না হয়; তাহলে এই অবক্ষয় রোধ করা যাবে না। বর্তমানে নারীরা নানা চ্যালেঞ্জিং পেশায় এসেছে; কিন্তু তাদের নিরাপত্তা নেই। এ লক্ষ্যে নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়কে সম্পূর্ণ আলাদা করার সুপারিশ করেন তিনি।
জরিপে বলা হয়েছে, গত বছরে গণধর্ষণের শিকার হয়েছিলেন ১৩৯ নারী। এ বছর তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৯৩ জনে। অন্যদিকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির শিকার নারীর সংখ্যা কিছুটা কমলেও উত্ত্যক্তের কারণে আত্মহত্যা বেড়েছে। নির্যাতনের শিকার হয়ে এ বছর আত্মহত্যা করেছেন ২৯ জন। গতবছর যা ছিল মাত্র ৮ জন। এ ছাড়া চলতি বছর নির্যাতিতদের মধ্যে ৫২ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়।
সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে নির্যাতনকারীদের রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক আশ্রয়-প্রশ্রয় বন্ধ, যৌন নিপীড়ন ও ধর্ষণের অভিযোগ পাওয়া মাত্র সমাজ ও প্রশাসনকে তা গুরুত্বসহকারে গ্রহণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়াসহ মোট ২৬টি সুপারিশ করেন মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদের ডিরেক্টর লিগ্যাল অ্যাডভোকেসি অ্যান্ড লবি অ্যাডভোকেট মাকসুদা আক্তার। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সহসভাপতি নাহার আহমেদ, সাধারণ সম্পাদক মালেকা বানু প্রমুখ।সংগ্রহ আমাদের সময়