Monday, September 14

দেয়ালে ধাক্কা খেয়ে ট্রেন থেকে পড়ে ২ যুবক নিহত

0

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মাস্তাননগর এলাকায় আধা ঘণ্টার ব্যবধানে দুটি ট্রেন থেকে পড়ে গিয়ে দুই যুবক নিহত হয়েছেন। তারা হলেন- কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের যাত্রী মানিক (৩৫) ও সাগরিকা ট্রেনের যাত্রী মো. হাছান ব্যাপারী (২৫)। মানিকের বাড়ি কুমিল্লার দেবীদ্বারে। হাছানের বাড়ি বরিশালে। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রেলওয়ে (জিআরপি) থানার ওসি মোস্তাফিজ ভূঁইয়া জানান, রোববার রাতে চট্টগ্রামমুখী ট্রেন কর্ণফুলী ও চাঁদপুর থেকে আসা সাগরিকা ট্রেন থেকে চার যাত্রী পড়ে যান। তারা ট্রেনের দরজায় বসেছিলেন। রেলওয়ের পিলারের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান বলে প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে।

রেলওয়ে পুলিশ জানায়, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কর্ণফুলী ট্রেনটি মাস্তাননগর এলাকায় এলে পাশের একটি দেয়ালে ধাক্কা লেগে দরজা থেকে তিন যুবক পড়ে যান। এ সময় মানিক ঘটনাস্থলেই নিহত হন। আহত হন সুমন ও উজ্জ্বল। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
দুর্ঘটনার আধা ঘণ্টা পর একই জায়গার ওই দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে চাঁদপুর থেকে ছেড়ে আসা সাগরিকা ট্রেন থেকে পড়ে নিহত হন হাছান ব্যাপারী। রাত ১১টার দিকে রেলওয়ে পুলিশের একটি দল লাশ দুটি উদ্ধার করে সীতাকুণ্ড ফাঁড়িতে নিয়ে যায়।

রেলওয়ে থানা জানায়, সোমবার সকালে দুজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.