আন্তর্জাতিক ক্রিকেটে স্বপ্নের মত অভিষেক হয়েছিল সাতক্ষীরার লিকলিকে তরুণ মুস্তাফিজুর রহমানের। কাঁপিয়ে দিয়েছিলেন ভারত-পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার মত ক্রিকেট শক্তিদের। তারপর মাঝে ইনজুরি ডেকে আনে খারাপ সময়। চলতি ত্রিদেশীয় সিরিজে আবারও সেই পুরনো দুর্বোধ্য মুস্তাফিজকে দেখা যাচ্ছে। সিরিজের ফাইনালে আজ দারুণ এক রেকর্ড গড়ে ফেললেন ‘কাটার মাস্টার’।
শ্রীলঙ্কার বিপক্ষে চলতি ম্যাচে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন মুস্তাফিজুর রহমান। ৪৯ উইকেট নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল শুরু করেছিলেন মুস্তাফিজ। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার হাল ধরা ওপেনার উপুল থারাঙ্গাকে ইনিংসের ৩৬তম ওভারে বোল্ড করে ইতিহাস গড়লেন দ্য ফিজ।
৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে মুস্তাফিজের লেগেছে ২৭ ম্যাচ। তার আগে রেকর্ডটি ছিল আব্দুর রাজ্জাকের। তিনি ৩২ ম্যাচে ৫০তম উইকেট নিয়েছিলেন। আরেক বাঁহাতি পেসার সৈয়দ রাসেল। ৩৯ ম্যাচে ছুঁয়েছিলেন ৫০ উইকেট। এছাড়া অভিষেকের পর প্রথম দুই ওয়ানডেতে ১১ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড তো আছেই দ্য ফিজের।