Wednesday, July 29

ধোনি খেলেন ৭৯ রানের দারুণ ইনিংস

0

 অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে দলের মহাবিপদের সময় আবারও ত্রাতার ভূমিকায় আবির্ভূত হলেন সাবেক ভারত অধিনায়ক। সঙ্গী হিসেবে পেলেন তরুণ পেস বোলিং অল-রাউন্ডার হার্দিক পাণ্ডিয়াকে। এই দুজনের ব্যাটেই কম রানে অল-আউট হওয়ার পরিবর্তে চ্যালেঞ্জিং স্কোর গড়ে ভারত। শেষ পর্যন্ত ম্যাচটিও জিতে নেয় তারা। ধোনি খেলেন ৭৯ রানের দারুণ এক ইনিংস।

এই ইনিংস খেলার পর সবচেয়ে আকর্ষণীয় এবং ‘রহস্যময়’ মন্তব্যটি করেছেন ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকার। টুইটারে তিনি লিখেছেন, ‘মহেন্দ্র সিংহ ধোনির আরেকটি সেঞ্চুরি!’ টেন্ডুলকারের এই টুইটের পর থেকেই শুরু হয়ে যায় গবেষণা। ৭৯ রান করে ধোনি সেঞ্চুরি করলেন কীভাবে? তাহলে কি ক্রিকেট ঈশ্বর ভুল করে বসলেন? কিন্তু না, ক্রিকেট ঈশ্বর ভুল করেননি। সেটা তার টুইটের পরবর্তী অংশেই পরিস্কার।

শচীন লিখেছেন, ‘এবার স্টাম্পের সামনে থেকে সেঞ্চুরির স্বাদ পেলেন ধোনি। শততম হাফ সেঞ্চুরির জন্য অনেক অভিনন্দন!’

এখন নিশ্চয়ই পরিস্কার হয়ে গেছে ব্যাপারটা? শ্রীলঙ্কার বিপক্ষে ক্রিকেট ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্যারিয়ারের ১০০তম স্টাম্পিং করে শিরোনামে এসেছিলেন ধোনি।

এই মুহূর্তে বিশ্বের একমাত্র উইকেটকিপার তিনি, যার এই রেকর্ড রয়েছে। এই রেকর্ডের পরেই গতকাল তিন ফরম্যাটের ক্রিকেট মিলিয়ে ১০০টি হাফ সেঞ্চুরি করে ফেললেন তিনি। একদিনের ক্রিকেটে এ পর্যন্ত ৬৬টি হাফ সেঞ্চুরি আছে তার।

প্রসঙ্গত, বিশ্ব ক্রিকেটের ইতিহাসে ধোনি হলেন ১৩ নম্বর ক্রিকেটার, যিনি হাফসেঞ্চুরির এমন রেকর্ড গড়লেন। ভারতীয়দের মধ্যে তিনি চতুর্থ স্থানে রয়েছেন। তার আগে রয়েছেন শচীন টেন্ডুলকার (১৬৪), রাহুল দ্রাবিড় (১৪৬) এবং সৌরভ গাঙ্গুলী (১০৭)। তাই এমন রেকর্ডের পর ধোনিকে অভিনন্দন জানিয়েছেন স্বয়ং মাস্টার ব্লাস্টার।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.