নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় চুরি যাওয়া ৫৪পিচ ব্যাটারি, মিনি ট্রাকসহ শ্যামল চন্দ্র (২৮) নামে একজনকে আটক করেছে পুলিশ। সোমবার ভোররাতে সদর উপজেলার লস্করপুর গ্রামের একটি দোকান ঘর থেকে সেগুলো উদ্ধার এবং তাকে আটক করা হয়। আটক শ্যামল নওগাঁ শহরের কালিতলা মহল্লার খিতিষ চন্দ্র বর্মনের ছেলে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোরিকুল ইসলাম বলেন, গত শনিবার সদর উপজেলার ইলশাবাড়ি ফিরোজ হোসেনের গ্যারেজ থেকে ব্যাটারিগুলো হারিয়ে যায়। রবিবার এ নিয়ে থানায় একটি অভিযোগ হয়। অভিযোগের প্রেক্ষিতে থানার এসআই আনাম ও এসআই আজাহার সঙ্গীয় ফোর্স নিয়ে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। গোপন সংবাদে রবিবার রাতে লস্করপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়।
এসময় একটি দোকান ঘর থেকে ব্যাটারিগুলো সিমেন্টের বস্তায় করে অনত্র সরানো চেষ্টা করা হচ্ছিল। চুরি যাওয়া ৫৪পিচ ব্যাটারি ও মিনি ট্রাকসহ শ্যামল চন্দ্রকে আটক করা হয়। মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।