Sunday, August 23

নওগাঁয় ট্রাক চাপায় মা-মেয়ে নিহত

0

ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ প্রতিনিধি: মায়ের দাফন শেষে দুই মেয়ে ও স্বামীসহ বাড়ি ফিরছিলেন আদরি বেগম। সোমবার সকালে ফেরার পথে নওগাঁ-রাজশাহী মহাসড়কে ট্রাকচাপায় বড় মেয়েসহ নিহত হন তিনি। এছাড়াও গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন স্বামী শহীদ ও তাদের ছোট মেয়ে পারভিন।

নওগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক একেএম মুর্শেদ জানান, রোববার আদরি বেগমের মা মারা যান। মায়ের দাফনের জন্য স্বপরিবারে হাপানিয়া উল্লাসপুর গ্রামে যান তারা। সোমবার স্বামীর বাড়ি চকআতিথার ধুপাইপুর যাওয়ার জন্য নওগাঁ-রাজশাহী মহাসড়কের ডাক্তারের মোড় বটতলীতে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের উপর উঠে গেলে আদরি ও তার মেয়ে শম্পা ট্রাক চাপায় ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরো জানান, এ ঘটনায় আদরির স্বামী শহীদ ও অপর মেয়ে পারভিন গুরুতর আহত হলে তাদেরকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ও অবস্থার অবনতি হলে পরে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় বিক্ষুদ্ধ গ্রামবাসীরা ঘাতক ট্রাকটিকে আটক করলেও ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছে। দুর্ঘটনার পর থেকে বিক্ষুদ্ধ গ্রামবাসীরা নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রেখেছে। ঘটনাস্থলের দুই পাশে যানবাহন চলাচল করতে না পারায় ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারীদের।

নওগাঁ সদর মডেল থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে। ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.