বন্দর নগরী চট্টগ্রামের হালিশহর থানাধীন ফকির গলি বসুন্ধরা আবাসিক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬৬ পিস নকল ওয়ালটন ভোল্টেজ স্ট্যাবিলাইজার ও ১২ টি নকল মার্চেল সহ ৪ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো- আশরাফুল ইসলাম বাবু (২৫), মোঃ আরিফ (৩০), মোঃ মহিন উদ্দিন (২৪), আবুল খায়ের (২২) এবং ১ জন পলাতক। পলাতক ব্যক্তির নাম মোঃ আব্দুল কাদের (৪০)।
২ এপ্রিল সোমবার রাত ৯টায় মহানগর গোয়েন্দা বিভাগের অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) জনাব এএএম হুমায়ুন কবীর এর সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক জনাব প্রিটন সরকার এর নেতৃত্বে এসআই সঞ্জয় গুহ, এসআই মোঃ মোজাম্মেল হোসেন, এসআই মোঃ কামরুজ্জামান, এসআই আবু ছালেক ও সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক আসামী মোঃ আব্দুল কাদের (৪০) সহকারে তারা বর্নিত বাড়িটিতে ওয়ালটন, মার্সেল সহ বিভিন্ন ব্রান্ডের নকল ভোল্টেজ স্ট্যাবিলাইজার, নকল আইপিএস তৈরী করে আসল বলে বাজারে বিক্রি করে আসছিল। নকল পণ্য গুলো অত্যন্ত নিম্নমানের। আসল ওয়ালটন পণ্যের থেকে অনেক কমদামে এ সকল পণ্য বাজারজাত করা হয়। এ সকল নিম্নমানের নকল ইলেক্ট্রনিক সামগ্রী ব্যবহারে মারাত্মক দূর্ঘটনা ঘটার আশংকা থাকে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হালিশহর থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।