Sunday, September 20

নরসিংদীতে দুই সন্তানকে হত্যার পর পিতার আত্মহত্যা

0

শুক্রবার ভোররাতে নরসিংদীর রায়পুরা পৌর এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন তুলাতলী গ্রামে দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন পিতা। নিহতরা হলেন- অটোরিকশাচালক কাজল মোল্লা (৩২) এরং তার মেয়ে কাকলী আক্তার (৮) ও ছেলে সোয়ান মোল্লা (৫)।

পুলিশের ধারণা, দারিদ্র্যতা ও ঋণগ্রস্ত হওয়ার কারণে সন্তানদের নিয়ে কাজল মোল্লা আত্মহত্যা করেছেন।তবে সম্পত্তি নিয়ে ভাইদের সঙ্গে কোনো শত্রুতা রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

জানা গেছে, ময়মনসিংহের নান্দাইল এলাকার জনৈক রুহুল আমিনকে বিদেশ যাওয়ার জন্য টাকা দিয়ে সর্বস্বান্ত হন কাজল। সাক্ষ্যপ্রমাণের অভাবে নরসিংদী কোর্টে মামলায় হেরে যান তিনি। এতে হতাশাগ্রস্ত হয়ে সন্তানদের নিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, কাজল মোল্লা প্রায় তিন বছর ধরে পুটিয়া নামক স্থানে থেকে নরসিংদী শহরে অটোরিকশা চালাতেন। বিদেশে যাওয়ার জন্য রুহুল আমিন নামে একজনকে সাড়ে ছয় লাখ টাকা দিয়েছিলেন। টাকা ফেরত দিতে টালবাহানা করায় কাজল তার বিরুদ্ধে নরসিংদী আদালতে মামলা করেন।

গতকাল বৃহস্পতিবার সাক্ষ্যপ্রমাণের অভাবে মামলার রায় কাজলের বিপক্ষে যায়। মামলায় হেরে হতাশাগ্রস্ত হয়ে দুই শিশুসন্তানকে নিয়ে তুলাতুলী হাসপাতাল সংলগ্ন নিজ পৈতৃক বাড়িতে আসেন।

ওই দিনই সন্ধ্যায় বাড়ি থেকে সন্তানদের নিয়ে বেরিয়ে যান কাজল। শুক্রবার সকালে স্বজনরা খবর পান বাড়ির খানিকটা দূরে তুলাতুলী ঈদগাহ মাঠসংলগ্ন কাজল তার দুই সন্তানকে হত্যা করে তিনিও আহত্মহত্যা করেন। কাজল মোল্লার বড় ভাই সামসু মোল্লা জানান, ‘প্রায় তিন বছর ধরে আমাদের নিজ বাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে থাকত কাজল। নরসিংদী শহরে অটোরিকশা চালাত। মাঝেমধ্যে খোঁজখবর নিতে আমাদের বাড়িতে আসত।গতকাল সন্ধ্যার আগে সে তার দুই সন্তানকে নিয়ে আমাদের বাড়িতে আসে এবং আমাদের দেখে সন্ধ্যার পর চলে যায়।পর দিন শুক্রবার সকালে খবর পাই, আমাদের বাড়ির খানিকটা দূরে তার দুই সন্তানকে হত্যা করে সে নিজেও আহত্মহত্যা করেছে।

এ সময় দুই শিশুসন্তানের লাশ একটি গর্তের পাশে নোংরায় পড়েছিল। আর কাজলের লাশ পাশেই একটি গাছের সঙ্গে ঝোলানো ছিল।এ ঘটনায় গোটা এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে সকাল ১০টার দিকে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

রায়পুরা থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- দারিদ্র্যতা ও ঋণগ্রস্ত হওয়ার কারণে সন্তানদের নিয়ে আত্মহত্যা করেছেন কাজল। ওসি আরও বলেন, কাজল মোল্লা বিদেশ যাওয়ার জন্য ময়মনসিংহের নান্দাইলের রুহুল আমিন নামে এক দালালের মাধ্যমে সাড়ে ছয় লাখ টাকা জমা দেন। সাক্ষ্যপ্রমাণের অভাবে নরসিংদী কোর্টে মামলায় হেরে যান তিনি। এতে হতাশাগ্রস্ত হয়ে সন্তানদের নিয়ে আত্মহত্যার পথ বেছে নেন বলে ধারণা করা হচ্ছে।তবে পুরো ঘটনা তদন্ত করে দেখা হবে বলে জানান দেলোয়ার হোসেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.