Monday, July 27

নাইকোর রায় স্থগিতের শুনানি ৭ ডিসেম্বর পর্যন্ত মুলতবি

0

গ্যাস উত্তোলন ও সরবরাহে ২০০৩ সালে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্সের সঙ্গে কানাডাভিত্তিক আন্তর্জাতিক কম্পানি নাইকোর করা যৌথ উদ্যোগ (জয়েন্ট ভেনচার) চুক্তি অবৈধ বলে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে নাইকো বাংলাদেশের আবেদনের শুনানি আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত মুলতবি (স্ট্যান্ড ওভার) করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

গত ১৯ অক্টোবরও এ আবেদনের শুনানি তিন সপ্তাহের জন্যে মুলতবি করা হয়েছিল।
এক রিট আবেদনের শুনানি নিয়ে গত ২৪ আগস্ট বাপেক্সের সঙ্গে নাইকোর করা সব চুক্তি অবৈধ বলে ঘোষণা দেন হাইকোর্ট। একই সঙ্গে দুই চুক্তির অধীনে যেসব সম্পত্তি আছে, তা জব্দের পাশাপাশি নাইকো বাংলাদেশের সম্পত্তি ও ব্লক ৯-এর সম্পত্তিও জব্দের নির্দেশ দেওয়া হয়। ওই রায়ে আরো উল্লেখ করা হয়, সিলেটের ছাতকে গ্যাসকূপের বিস্ফোরণে ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত নাইকোকে কোনো ধরনের পেমেন্ট (মূল্য পরিশোধ) করা যাবে না।

নাইকো-সংক্রান্ত ইন্টারন্যাশনাল আর্বিট্রেশন আদালতে লড়া বাপেক্স ও পেট্রোবাংলার পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার মঈন গনি। এ ছাড়া ২০০৫ সালে ছাতকে যে বিস্ফোরণ ঘটেছে, তার ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশে থাকা নাইকোর সব সম্পত্তি জব্দেরও আবেদন জানানো হয়। এরপর গত বছরের ৯ মে রুল জারি করেন হাইকোর্ট। ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে গত ২৪ আগস্ট এ দুই প্রতিষ্ঠানের মধ্যে করা সব চুক্তি অবৈধ বলে রায় দেন হাইকোর্ট।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.