Wednesday, July 29

নাইকোর সঙ্গে চুক্তির রায় স্থগিতে শুনানি ১১ জানুয়ারি

0

কানাডাভিত্তিক আন্তর্জাতিক কম্পানি নাইকোর সঙ্গে গ্যাস উত্তোলন ও সরবরাহে ২০০৩ সালে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বাপেক্সের যৌথ উদ্যোগ চুক্তি অবৈধ বলে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে নাইকো বাংলাদেশের আবেদনের শুনানি আগামী ১১ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

গত ২৪ আগস্ট এক রিট আবেদনের শুনানি নিয়ে বাপেক্সের সঙ্গে নাইকোর করা সব চুক্তি অবৈধ বলে ঘোষণা দেন হাইকোর্ট। একই সঙ্গে দুই চুক্তির অধীনে থাকা সম্পত্তি জব্দের পাশাপাশি নাইকো বাংলাদেশের সম্পত্তি ও ব্লক ৯ এর সম্পত্তিও জব্দের নির্দেশ দেওয়া হয়। ওই রায়ে আরো উল্লেখ করা হয়, সিলেটের ছাতকে গ্যাসকূপের বিস্ফোরণে ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত নাইকোকে কোনো ধরনের মূল্য পরিশোধ করা যাবে না।

আদালতে নাইকোর পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। এর আগে শুনানি আরো দুই দফা মুলতবি করা হয়েছিল। নাইকো সংক্রান্ত ইন্টারন্যাশনাল আর্বিট্রেশন আদালতে বাপেক্স ও পেট্রোবাংলার পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার মঈন গনি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.