Monday, September 7

নাইজেরিয়ায় শিয়াদের মিছিলে সেনাবাহিনীর ‍গুলি, নিহত ২৭

0

নাইজেরিয়ার মূলধারার শিয়া মুসলিম গ্রুপ জানিয়েছে, দেশটির সেনাবাহিনী তাদের একটি বিক্ষোভ মিছিলে গুলি চালালে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। ওই গ্রুপটির নেতার মুক্তির দাবিতে রাজধানী আবুজায় বিক্ষোভ মিছিলে গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে। খবর এপি, রয়টার্স, পার্সটুডের।

শিয়া গ্রুপ ইসলামিক মুভমেন্ট অব নাইজেরিয়ার মুখপাত্র ইব্রাহিম মুসা বলেছেন, শনিবার ছয়জন নিহত হয়েছেন এবং আরও ২১ জন সোমবার নিহত হয়।

নাইজেরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, তারা ছয়জনকে হত্যা করেছে। তাদের দাবি, শিয়া বিক্ষোভকারীরা প্রথমে সেনাবাহিনীর দিকে গুলি ছুঁড়লে তারা পাল্টা জবাব দেয়।

মুসা বলেছেন, অধিকাংশ মানুষই একটি ধর্মীয় মিছিলে অংশ নিয়েছিলেন। পাশাপাশি তাদের ইরানপন্থি নেতা ইব্রাহিম জাকজাকির মুক্তির জন্যও বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছিল।

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় শহর জারিয়ায় শিয়াদের ওপর হামলা চালিয়ে শতাধিক ব্যক্তিকে হত্যার পর ২০১৫ সালের ডিসেম্বর মাসে জাকজাকিকে কারাবন্দি করে দেশটির সেনাবাহিনী।

নাইজেরিয়ায় সুন্নি মুসলিমরাই মূলত সংখ্যাগরিষ্ঠ। দেশটির শিয়া মুসলিমদের দাবি তাদের ওপর ধর্মীয় নিপীড়ন চালানো হয়।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি শিয়াদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন। তিনি দেশটির সরকার ও নিরাপত্তা বাহিনীকে ধর্মীয় রীতিনীতির প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.