জেলা প্রতিনিধি, নাটোরঃ নাটোরে ৫৩ জন ভিক্ষুকদের মাঝে দোকান ঘর, মালামাল, ছাগল এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘ভিক্ষুক পুনর্বাসন এবং বিকল্প কর্মসংস্থান ‘ কর্মসূচির আওতায় এ সহায়তা বিতরণ করা হয়। নাটোর সদর উপজেলা চত্বরে শনিবার (১৪ মার্চ) দুপুরে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ প্রধান অতিথি হিসেবে ভিক্ষুকদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন । এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, আবদুল্লাহ আল সাকিব বাকি প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম জানান, এই প্রকল্পের আওতায় ৬১ জন ভিক্ষুককে চুড়ান্তভাবে নির্বাচিত করা হয়। তাদের মধ্যে ৫৩ জন উপস্থিত থেকে এই কর্মসংস্থান সহায়তা গ্রহণ করেন। এদের মধ্যে ১০ জন ভিক্ষুককে একটি করে দোকানসহ ২০ হাজার টাকার মালামাল, ৩ জন ভিক্ষুককে বসত ঘর ও ৪০ জন ভিক্ষুককে ১টি করে ছাগল, দেড় কেজি ডাল এবং ১ কেজি সয়াবিন তেল দেয়া হয়েছে।