নারায়ণগঞ্জের ফতুল্লায় মঙ্গলবার (১০ মে) ভোর ৫টার দিকে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৪জন দগ্ধ হয়েছে। ফতুল্লা পোস্ট অফিস এলাকার একটি টিনসেড বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
অগ্নিদগ্ধরা হলেন, হুশিয়ারি কারখানা শ্রমিক রোজিনা আক্তার (৩৩), স্বামী রিকশা চালক আনোয়ার হোসেন (৪০), ছেলে হুশিয়ারি কারখানা শ্রমিক রোমান (১৭) ও স্কুলছাত্র রোহান (৯)।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, রোজিনার শরীরের ১৪ শতাংশ, আনোয়ারের ১৭, রোহানের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের ৩জনকে ভর্তি রাখা হয়েছে। আর রুমানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আনোয়ারের বাড়ি বরিশাল হিজলা উপজেলায়। আর ময়মনসিংহ হালুয়ায় বাড়ি রোজিনার।