Friday, July 31

নিরাপত্তার চাদরে মোড়া শের-ই-বাংলা স্টেডিয়াম, প্রস্তুত সাঁজোয়া যান, কমান্ডো

0

টেস্ট সিরিজ খেলতে গতকাল শুক্রবার রাতে ঢাকায় এসে পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। যে নিরাপত্তার অজুহাতে দুই বছর পর এই সিরিজ অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নিরাপত্তায় এবার সন্তুষ্ট অজিরা। ২ ম্যাচের এই সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। গত কয়েকদিন ধরেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে স্টেডিয়াম এলাকা।

অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে স্টেডিয়ামের ভেতরে এবং বাইরে রয়েছে র‍্যাব ও পুলিশের টহলদল। স্টেডিয়াম এলাকায় সাদা পোশাকে টহল দিচ্ছে গোয়েন্দারা। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে সেনা কমান্ডো। স্টেডিয়ামে প্রবেশে রয়েছে বেশ কড়াকড়ি। কোনোভাবেই যাতে এই সিরিজের ভেতর অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, তা নিশ্চিত করতে বদ্ধপরিকর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ শনিবার মিরপুরে বিসিবির জিমনেশিয়ামে অনুশীলন করতে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সকাল থেকেই মিরপুর ১০ নম্বর গোলচক্কর এলাকায় দেখা গেছে পুলিশের সাঁজোয়া যান ও জল কামান।

এর আগে গত বৃহস্পতিবার কমান্ডো মহড়া অনুষ্ঠিত হয়েছে মিরপুর স্টেডিয়ামে। সাদা রংয়ের হেলিকপ্টার করে কমান্ডোরা স্টেডিয়ামে প্রবেশ করে। এরপর জিম্মি মুক্ত করার মহড়া দেন সেনা কমান্ডোরা। সকল আশঙ্কা দূর করে জমে উঠুক ব্যাট-বলের লড়াই, এটাই এখন সবার প্রত্যাশা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.