নির্বাচনের আগে সরকারের নির্দেশেই গ্রেনেড মামলার রায় হচ্ছে: রিজভী

0

ভোটের আগে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দেয়াকে উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, আসন্ন নির্বাচনের আগে গ্রেনেড হামলা মামলার রায়ের তারিখ নির্ধারণ করাটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। দম বন্ধ করা পরিস্থিতির সুযোগের সদ্ব্যবহার করতেই এ মামলার রায়ের দিন ধার্য করা হয়েছে। সরকারের নির্দেশেই মামলার রায় হচ্ছে বলে দাবি করেন বিএনপির এ নেতা।
আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা করেন।

রিজভী বলেন, গ্রেনেড হামলার রায় ঘোষণার আগেই মন্ত্রীরা বলেছেন- এ রায়ের পর নাকি বিএনপি আরও বিপদে পড়বে। তার মানে এটি সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে, ২১ আগস্টের রায় কি তা হলে সরকারের ডিকটেশনে (নির্দেশনায়) লেখা হচ্ছে?’
এ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী।
তিনি বলেন, আইনি প্রক্রিয়াকে হাতের মুঠোয় নিয়ে কুটিল চক্রান্তের মাধ্যমে ২১ আগস্ট হামলা মামলায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভিকটিম করা হয়েছে। মনের ঝাল মেটাতে ২১ আগস্ট মামলায় প্রকৃত অপশক্তিকে পর্দার অন্তরালে রেখে বিচার চলাকালীন চার্জশিট ফিরিয়ে এনে সম্পূরক চার্জশিট তৈরি করে তারেক রহমানের নাম জড়ানো হয়েছে।

‘আওয়ামী লীগের আমলে বিচারের রায় কী হবে, তা জনগণ ভালোভাবেই জানে। নির্দোষ খালেদা জিয়াকে কূটকৌশল করে কীভাবে কারাগারে বন্দি রাখা হয়েছে, তাও জনগণ জানে। যে দেশে প্রধান বিচারপতিকে বন্দুকের নলের মুখে দেশ ছাড়তে হয়, যে দেশে প্রধান বিচারপতি বিচার পান না, সেখানে বিএনপি নেতাদের বিরুদ্ধে কী বিচার হবে, সেটি নিয়ে জনগণ চিন্তিত নয়।’
তিনি আরও বলেন, বিশ্বব্যাপী জাতীয়তাবাদী নেতারাই থাকে আগ্রাসী শক্তির টার্গেট। জাতীয়তাবাদের প্রতীক যারা, তাদের ধ্বংস করার জন্য চালানো হয় নানামুখী চক্রান্ত। বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তির প্রধান কাণ্ডারি খালেদা জিয়া মিথ্যা মামলায় কারাগারে বন্দি। কয়েক মাস পর অনুষ্ঠিতব্য নির্বাচন নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

‘অধিকারহারা জনগণ একটি জোরালো আন্দোলনের জন্য অগ্নিগর্ভ হয়ে আছে। এমনিতে সারা দেশে ঝাঁকে ঝাঁকে গায়েবি মামলায় এক অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে। তার ওপর দেশজুড়ে বাসাবাড়িতে চলছে বিএনপি নেতাকর্মীদের খোঁজার ধুম। মধ্যযুগের ‘ডাইনি শিকারের’ মতো পাইকারিহারে গ্রেফতারের শিকার হচ্ছেন নেতাকর্মীরা।’
সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা মো. শাজাহান, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহদফতর সম্পাদক মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.