নির্বাচন কমিশনকে বিএনপির ‘ধন্যবাদ’

0

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ক্ষোভ প্রকাশ করে নির্বাচন কমিশনকে ‘ধন্যবাদ’ জানিয়েছেন। তিনি বলেন, সরকার যেভাবে চেয়েছে, সেভাবে সাজানো নির্বাচন পরিচালনা করেছে ইসি।

মঙ্গলবার অনুষ্ঠিত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করে তিনি এ কথা বলেন।

বরকত উল্লাহ বলেন, সাজানো নির্বাচন করে নির্বাচন কমিশন (ইসি) গণতন্ত্রের কবর রচনা করেছে। তারা আপাতত আর কোনো অভিযোগ জানাতে চান না।

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, ইসি কোনো অভিযোগেই ব্যবস্থা নেয়নি। গাজীপুরে বিএনপি প্রার্থী ১১০টি কেন্দ্রের ব্যাপারে সুস্পষ্ট অভিযোগ তুলেছিল। সিইসি তদন্ত করে দেখার কথা বলেছিলেন। কিন্তু উনি কী দেখেছেন, তা উনিই জানেন। যে ব্যক্তির বিরুদ্ধে তাদের আপত্তি ছিল, তাকে রেখেই ইসি নির্বাচন পরিচালনা করেছে।

টেলিফোনে বিএনপি অরাজকতা করার নির্দেশনা দিয়েছে-আওয়ামী লীগের এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, এসব বিষয় নিয়ে তার কিছু জানা নেই।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন বলেন, নির্বাচন নিয়ে অভিযোগ শুধু আজকে না, শুরু থেকেই করে আসছেন। আমরা ইসির কাছে অভিযোগ জানালে তার জবাব দেন এইচ টি ইমাম ও ওবায়দুল কাদের।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.