Sunday, September 6

নির্বাচন নিয়ে ঐক্যফ্রন্টের সংলাপ আহ্বান হাস্যকর: ওবায়দুল কাদের

0

একাদশ জাতীয় নির্বাচন নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের প্রশ্নে তোলাকে হাস্যকর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘যে নির্বাচনকে সারা বিশ্ব স্বীকৃতি দিয়েছে। গণতান্ত্রিক বিশ্ব, গণতান্ত্রিক দেশগুলো, এমনকি পাকিস্তান পর্যন্তও স্বীকৃতি দিয়েছে। এ অবস্থায় ঐক্যফ্রন্টের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা ও সংলাপ আহ্বান করা হাস্যকর।’
শুক্রবার সকালে গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, একাদশ সংসদ নির্বাচনকে সারা বিশ্ব স্বীকৃতি দিয়েছে, আন্তর্জাতিকভাবে গণতান্ত্রিক বিশ্ব, গণতান্ত্রিক দেশগুলো, এমনকি পাকিস্তান পর্যন্ত স্বীকৃতি দিয়েছে। আজকে দুনিয়ার যে ডেমোক্রেটিক জাতিগুলো, সব গণতান্ত্রিক দেশই বাংলাদেশের নির্বাচনকে স্বীকৃতি দিয়েছে, প্রশংসা করেছে, সমাদৃত হয়েছে। এমতাবস্থায় এ ধরনের দাবি হাস্যকর ছাড়া আর কিছুই বলার কোনো বিষয় নেই।’
জাতীয় ঐক্যফ্রন্টের কোনো দাবি থাকলে তা সংসদে এসে বলার আহ্বান জানান ওবায়দুল কাদের।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সড়ক ও জনপথ বিভাগের ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক সবুজ উদ্দিন খান, গাজীপুরের নির্বাহী প্রকৌশলী সাইফুদ্দিন আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মাসুদ চৌধুরীসহ সড়ক বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮টি আসনে জয়লাভ করে। পরে রাষ্ট্রপতি আওয়ামী লীগকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানান। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৪৭ সদস্য বিশিষ্ট নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করে।
চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি আবদুল হামিদ মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.