এবার নির্বাচন পর্যবেক্ষণে ১১৮ দেশীয় সংস্থা থাকবে বলে জানালেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি আরো জানান, নির্বাচনী দায়িত্ব পালনে পর্যবেক্ষকদের গাফলতি পেলে সংস্থার নিবন্ধন বাতিল করা হবে।
আজ মঙ্গলবার সকালে আগারগাঁস্থ নির্বাচন ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের এক ব্রিফিং এ এই মন্তব্য করেন ইসি সচিব।
ইসি অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যুগ্ম সচিব খন্দকার মিজানুর রহমান ও এএসএম আসাদুজ্জামান।
হেলালুদ্দীন বলেন, ‘পর্যবেক্ষণ যারা করবেন, তাদের কয়েকটি বিষয়ে আপনারা সাবধান বাণী উচ্চারণ করবেন, নির্বাচন কমিশনের কাছ থেকে যেটি পরিচয়পত্র দেয়া হবে, তারা যখন কেন্দ্র পর্যবেক্ষণে যাবেন, তখন সেটি সারাক্ষণ গলায় ঝুলিয়ে রাখতে হবে। কারণ যে কোনো সময় যে কোনো ব্যক্তি ওখানে গেলে পড়ে বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম, মেজিস্ট্রেট, তারা যদি দেখতে চান, জানতে চান, তা হলে তারা যাতে বুঝতে পারেন, আপনি একজন পর্যবেক্ষক।’
হেলালুদ্দীন আহমদ বলছেন, এমন কোনও কাজ পর্যবেক্ষকরা করতে পারবেন না, যা নির্বাচনের নীতিমালায় নেই। নির্বাচনী দায়িত্ব পালনের সময় একজন পর্যবেক্ষক কোনও গোপন তথ্য দিতে পারবেন না। তিনি বলেন, ভোট নিয়ে কোনও কেন্দ্রে যদি অনিয়ম হয়, আর সেটা পর্যবেক্ষকদের নজরে আসে, তবে তারা নির্বাচন কমিশনকে অবহিত করতে পারবেন। কিন্তু ওই সময় সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কোনও কথা বলা যাবে না। যদি কিছু বলতে হয়, তবে এর প্রতিবেদন তৈরি করে সেটা জমা দিয়ে সংবাদ সম্মেলন করে কথা বলতে হবে।
তিনি পর্যবেক্ষকদের সতর্ক করে বলেন, পর্যবেক্ষক কোনও লাইভ সম্প্রচারে অংশ নিতে পারবেন না। সেইসঙ্গে পর্যবেক্ষক যেনো এমন কোনও আচরণ না করেন, যাতে করে তিনি পক্ষপাতিত্ব করছেন বোঝা যায়। পর্যবেক্ষক গলায় কার্ড ঝুলিয়ে কেন্দ্রের পাশে দাঁড়িয়ে থাকবেন। তিনি শুধু দেখবেন, অবজার্ভ করবেন, বুঝবেন। তার রিপোর্ট জমা দেওয়ার আগে কোনও মন্তব্য তিনি করবেন না।