Wednesday, August 26

নিহত আবরারের বাবার ইচ্ছায় দুইজন আইনজীবী থাকবে: আইনমন্ত্রী

0

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলা পরিচালনায় প্রসিকিউশন টিমে (রাষ্ট্রপক্ষের আইনজীবীদল) দুজন আইনজীবী নিয়োগ দিতে চান।নিহতের বাবার ইচ্ছায় দুইজন আইনজীবী থাকবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার রাজধানীর গুলশান কার্যালয়ে আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

আইনমন্ত্রী বলেন, আবরার ফাহাদের বাবা বিচারের জন্য প্রসিকিউশন টিমে দুইজন আইনজীবী দিতে চেয়েছেন। তাদের নামও দিয়েছেন। তারাও আদালতে থাকবেন। আইনের ব্যতয় না ঘটিয়ে যত দ্রুত সম্ভব এই হত্যার বিচার কাজ কিভাবে শেষ করা যায়, আমরা সেই পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। আবরার ফাহাদের বাবাও চেয়েছেন মামলাটি যেন দ্রুত বিচার ট্রাইব্যুনালে হয় এবং তাই হচ্ছে।

আনিসুল হক বলেন, আবরারের পরিবারের সদস্যদের জন্য আমার দরজা সব সময় খোলা। বিচার কাজ চলার সময় যদি কিছুর প্রয়োজন মনে হয়, তাহলে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন।

তিনি জানান, ফাহাদ হত্যা মামলার বিচার কাজের গতি দেখে তার বাবা সন্তোষ প্রকাশ করেছেন। এছাড়া আবরার ফাহাদের বাবা আইনানুগভাবে কোনো ভুলত্রুটি না রেখে যত দ্রুত সম্ভব বিচার সম্পন্ন করার বিষয়টি বলেছেন।

গত ১৮ নভেম্বর আবরার ফাহাদ হত্যা মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন ঢাকা মহানগর আদালত। এ বিষয়ে আগামী ৩ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেছেন মহানগর হাকিম কায়সারুল ইসলাম।

গত ৬ অক্টোবর রাতে বুয়েট শেরে বাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরারকে ছাত্রলীগের নেতা-কর্মীরা নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে। দেশ-বিদেশে আলোড়ন সৃষ্টি করা এই ঘটনায় পরদিন আবরারের বাবা বুয়েটের ১৯ শিক্ষার্থীকে আসামি করে চকবাজার থানায় মামলা দায়ের করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.