Thursday, September 17

নিহত শিক্ষার্থী মীমের বাসায় নৌমন্ত্রী, ক্ষমা চাইলেন হাসির জন্য

0

রাজধানীর কুর্মিটোলা এলাকায় বাসের চাপায় পিষ্ঠ হয়ে নিহত শিক্ষার্থী দিয়া খানম মীমের মহাখালীর দক্ষিণপাড়ার বাসায় গিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। বুধবার সন্ধ্যায় ছয়টার দিকে সেখানে প্রায় ২০ মিনিট অবস্থান করে দিয়ার বাবা জাহাঙ্গীর ফকির এবং শোকসন্তপ্ত অন্য স্বজনদের সমবেদনা জানান মন্ত্রী। সেইসঙ্গে দুর্ঘটনার বিষয়ে বক্তব্য দেওয়ার সময় হাসিমুখে কথা বলার ব্যাখা দিয়ে ক্ষমাও চেয়েছেন শাজাহান খান।

মীমের বাবা গাড়িচালক জাহাঙ্গীর ফকিরসহ তার স্বজনরা এ সময় উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিল মীমের কলেজের শিক্ষার্থীরাও।

জাহাঙ্গীর ফকির বলেন, ঘটনার পরদিনও মন্ত্রী তার হাসি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন। মন্ত্রী জানিয়েছেন, অন্য একটা ব্যাপার নিয়ে কথা হওয়ার সময় মন্ত্রী হাসছিলেন। দুর্ঘটনার প্রসঙ্গ যখন আসে, তখন উত্তর দেওয়ার সময় সেই হাসিটাই ছিল। তিনি পুরো ঘটনা জানতেন না। এমন কথা বলে মন্ত্রী আমাদের কাছে ও শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়েছেন।

মীমের বাবা জানান, মন্ত্রীকে তিনি বলেছেন, রাস্তায় অদক্ষ চালকদের লাইসেন্স বাতিল করেন। সবার লাইসেন্স চেক করে রাস্তায় চলাচল করা ফিটনেসবিহীন বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেন। এসব ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন শাজাহান খান।

প্রসঙ্গত, গত রোববার বিমানবন্দর সড়কে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া খানম মীম ও আবদুল করিম রাজীব। এ ঘটনায় আহত হন আরও অন্তত ১৫ জন। ওই দিন বিকেলে সচিবালয়ে সড়কে বিশৃঙ্খলার কারণে দুর্ঘটনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাসতে হাসতে নোমন্ত্রী ভারতের মহারাষ্ট্রে এক সড়ক দুর্ঘটনায় ৩৩ জন নিহত হওয়ার উদাহরণ টেনে আনেন। এর ফলে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন নৌপরিবহনমন্ত্রী।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.