Monday, August 31

নুরদের ওপর হামলার ঘটনায় পুলিশের মামলা

0

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ অন্যান্য ছাত্রদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। আজ মঙ্গলবার শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।

মামলায় ৮ জনের নাম উল্লেখসহ ৩০ থেকে ৩৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার বাদী শাহবাগ থানার উপ-পরিদর্শক রইচ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আট আসামি হলেন- মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আল মামুন, ঢাবি শাখার সভাপতি এ এস এম সনেট, সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্য, এ এফ রহমান হল শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ইমরান সরকার, কবি জসিম উদ্দিন হল শাখার সাধারণ সম্পাদক ইয়াদ আল রিয়াদ (হল থেকে অস্থায়ী বহিষ্কৃত), জিয়া হল শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম মাহিম এবং মাহবুব হাসান নিলয়।

শাহবাগ থানার ওসি আবুল হাসান জানিয়েছেন, তারা আহতদের সঙ্গে যোগাযোগ করে মামলা দায়ের করতে বলেছিলেন। কিন্তু রাত ১২টা পর্যন্ত কেউ মামলা করেননি। এ জন্য পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। রোববারের ঘটনায় আহত কেউ পরে মামলা করলে সেটি পুলিশের দায়ের করা এজাহারের সঙ্গে যুক্ত করা হবে।

ওসি বলেন, গোয়েন্দা তথ্য ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবি ও নাম দেখে মামলায় আসামিদের নাম উল্লেখ করা হয়েছে। এদের মধ্যে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গত রোববার ডাকসু সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা। রোববার দুপুর পৌনে ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। হামলায় অন্তত ৩৪ জন আহত হন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.