Wednesday, September 2

নুসরাত হত্যাকাণ্ড: মনির পাঁচদিনের রিমান্ড মঞ্জুর

0

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেফতার সহপাঠী ও কিলিং মিশনের ৫ জনের একজন কামরুন নাহার মনির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আদালত পুলিশের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) গোলাম জিলানি জানান, বুধবার দুপুরে ফেনীর জ্যেষ্ঠ হাকিম (সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট) সরাফউদ্দিন আহমেদের আদালতে তোলা হয় কামরুন নাহার মনিকে। এসময় পিবিআই কর্মকর্তা আসামি মনির ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সোমবার রাতে গ্রেফতার হয় কামরুন্নাহার মনি। সোমবার রাতে ফেনী শহরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা। মঙ্গলবার আদালতে তার রিমান্ড চায় পিবিআই।

ফেনী পিবিআইয়ের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার মামলার আসামি হিসেবে মনিকে গ্রেফতার করা হয়েছে। সে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী ছিল।

চাঞ্চল্যকর এ হত্যা মামলাটি তদন্ত করছে পিবিআই। এ মামলায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করেছে পিবিআই। এদের মধ্যে রয়েছেন- সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এসএম সিরাজউদ্দৌলা, কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুকছুদ আলম, শিক্ষক আবসার উদ্দিন, নুসরাতের সহপাঠী আরিফুল ইসলাম, নূর হোসেন, কেফায়াত উল্লাহ জনি, মোহাম্মদ আলাউদ্দিন, শাহিদুল ইসলাম, অধ্যক্ষ সিরাজের ভাগ্নি উম্মে সুলতানা পপি, জাবেদ হোসেন, জোবায়ের হোসেন, নুর উদ্দিন, শাহাদাত হোসেন ও মো. শামীম।

পিবিআই জানায়, মামলার এজাহারভুক্ত আটজনের মধ্যে সাত আসামিকে গ্রেফতার করা হয়েছে। হাফেজ আবদুল কাদের নামে এজাহারভুক্ত আরও এক আসামি এখনও পলাতক।

গত ৬ এপ্রিল সকালে আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় যান নুসরাত জাহান রাফি। মাদ্রাসার এক ছাত্রী সহপাঠী নিশাতকে ছাদের ওপর কেউ মারধর করছে, এমন সংবাদ দিলে তিনি ওই ভবনের তিন তলায় যান। সেখানে মুখোশধারী বোরকা পরিহিত ৪-৫ জন তাকে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। তিনি অস্বীকৃতি জানালে তারা গায়ে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
গত ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান নুসরাত।

গত ২৭ মার্চ ওই ছাত্রীকে নিজ কক্ষে নিয়ে শ্লীলতাহানি করেন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা। এ ঘটনায় ছাত্রীর মা শিরিন আক্তার বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা করেন। ওই দিনই অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে আটক করে পুলিশ। সে ঘটনার পর থেকে তিনি কারাগারে আছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.