নোয়াখালীতে ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে নিহত ৪

0

নোয়াখালীর সুবর্ণচরে গরুচোর সন্দেহে চারজনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চরজুবলি ইউনিয়নের কচ্চবিয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। চরজব্বর থানার ওসি নিজাম উদ্দিন গণপিটুনিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আজ বৃহস্পতিবার ভোরের দিকে ঘটনাস্থলের কিছুটা দূরের এলাকা থেকে সন্দেহভাজন আরও দুই ব্যক্তিকে আটক করে পিটুনি দেয় স্থানীয় লোকজন। পুলিশ তাদের আহত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চরজব্বর থানার ওসি নিজাম উদ্দিন জানান, ওই গ্রামে কদিন ধরে গরু চুরি হয়ে আসছিল। চোর ধরার জন্য এলাকাবাসী রাত জেগে পাহারা বসায়। তিনি জানান, আজ বৃহস্পতিবার ভোরে পিকআপ ভ্যানে করে সাত-আটজনের একটি দল কচ্চবিয়া গ্রামে যায়। এ সময় তাদেরকে ঘেরাও করে মারধর করে এলাকাবাসী। এতে ঘটনাস্থলেই চারজন মারা যায়। এ ছাড়া এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছে বলে জানান তিনি।

ওসি নিজাম উদ্দিন আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত চারজনের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা নোয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ছাড়া আহত দুইজনকে একই হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.