নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালীর সুবর্ণচরে এক নারীকে নির্যাতন ও ধর্ষণের ঘটনা প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নোয়াখালীতে ধর্ষণের ঘটনায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। অপরাধী যেই হোক তার শাস্তি পেতেই হবে।
আজ বুধবার সেতু ভবনে ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এটা নিন্দনীয় ও শাস্তিযোগ্য অপরাধ। দোষীরা কেউ পার পাবে না। পুলিশ মহাপরিদর্শকের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। ডিআইজি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বেশ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা হচ্ছে।
মন্ত্রী বলেন, আমি সেদিনই শুনেছি। যদিও ঘটনাটি আমার নির্বাচনী এলাকায় না, তবে নোয়াখালীতে। এ ধরনের ঘটনা অবশ্যই নিন্দনীয় এবং শাস্তিযোগ্য অপরাধ। এ ঘটনায় অপরাধীকে শাস্তি পেতেই হবে। যারাই অপরাধী তারা কেউ পার পাবে না। আমি নেত্রীর মনোভাব জানি।
উল্লেখ্য, ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন দিবাগত রাতে নোয়াখালীর সুবর্ণচরে স্বামী-সন্তানকে বেঁধে রেখে এক নারীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া যায়। তিনি তার এলাকার ভোট কেন্দ্রে ভোট দিতে গেলে নৌকার কয়েকজন সমর্থক তাকে নৌকা প্রতীকে ভোট দিতে বলেন। তিনি তখন ধানের শীষে ভোট দেওয়ার কথা বললে তাদের সঙ্গে তর্কাতর্কি হয়। পরে রাতে ধর্ষণের ঘটনা ঘটে।