শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদীর ওয়াপদা লঞ্চঘাটে পন্টুন বিচ্ছিন্ন হয়ে তিনটি লঞ্চডুবির ঘটনা ঘটেছে। এ সময় একজনকে জীবিত উদ্ধার করা হলেও ২০ জনের মতো নিখোঁজ রয়েছেন। আজ সোমবার ভোর ৬টার দিকে উপজেলার ওয়াপদা ঘাট এলাকায় নদীর তীব্র স্রোত ও ভাঙনে নোঙর করা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) তিনটি লঞ্চ ডুবে যায়। খবর পেয়ে নিখোঁজদের উদ্ধার তৎপরতা চালাচ্ছে প্রশাসন।
ডুবে যাওয়া লঞ্চ তিনটি হলো- মৌচাক-৪ লঞ্চ, মহানগরী লঞ্চ, নড়িয়া-১ লঞ্চ। মৌচাক-৪ লঞ্চটি ওয়াপদা লঞ্চঘাট থেকে ঢাকায় চলাচল করে। মহানগরী ও নড়িয়া-১ এই লঞ্চঘাট থেকে নারায়ণগঞ্জে চলাচল করে।
স্থানীয়দের ভাষ্য, ওয়াপদা ঘাট এলাকায় পাঁচটি লঞ্চ নোঙর করা ছিল। নদীতে প্রবল স্রোত থাকায় নদীর পাড়ের মাটির বিরাট অংশ ধসে তিনটি লঞ্চের উপর পড়ে যায়। এতে লঞ্চ তিনটি ডুবে গেলে ২০ জনের মতো নিখোঁজ রয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার বলেন, খবর পেয়ে আমাদের উদ্ধার তৎপরতা চালাচ্ছি। তবে কতজন নিখোঁজ আছেন তিনি তা জানাতে পারেননি।