জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা “পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি)”র হ্যালো, আই এ্যাম প্রকল্পের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছর চট্টগ্রাম চান্দগাঁও আবাসিক কল্যাণ সমিতি মাঠে গত ২৫.১১.২০১৯ তারিখ সোমবার, “বেস্ট ফাদার ক্যাম্পেইন-২০১৯” এর আয়োজন করা হয়। এবারের আয়োজনে বিকাল ০৩.০০ ঘটিকায় সিএমপির উপ-পুলিশ কমিশনার বিজয় বসাক এর নেতৃত্বে পিএসটিসি’র কর্মকর্তাদের সাথে নিয়ে একটি বর্ণাঢ্য র্যালী নগরের চান্দগাঁও এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চান্দগাঁও আবাসিক কল্যাণ সমিতি মাঠে এসে শেষ হয়। পরে বিকাল ০৩.৩০ ঘটিকায় চান্দগাঁও আবাসিক কল্যাণ সমিতি মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন এরিয়া কোর্ডিনেটর মোঃ নাজমুল হক।
সভার প্রধান অতিথি সিএমপির উপ-পুলিশ কমিশনার বিজয় বসাক বাবাদের উদ্দেশ্যে বলেন, “ছেলে বা মেয়ে উভয় সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে একজন মা’কে একই পরিমাণ প্রসব যন্ত্রণা সহ্য করতে হয় তাহলে কেন লালন-পালনের ক্ষেত্রে একই চোখে দেখা হয়না? আপনার মেয়েকে অল্প বয়সে বিয়ে না দিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দেশের কল্যাণে অবদান রাখার সুযোগ করে দিন।” কণ্যাদের উদ্দেশ্যে তিনি নারীার প্রতি সহিংসতা বন্ধে যেকোনো সময় ১০৯ ও ৯৯৯ নাম্বারে ডায়াল করার আহ্বান জানান এবং উনার পক্ষ হতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং “পিএসটিসি’কে বেস্ট ফাদার ক্যাম্পেইন-২০১৯ আয়োজন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।” উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ সাইফুদ্দিন খালেদ এবং মোঃ জাহান উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা, কোতোয়ালী ইউনিট থানা, চট্টগ্রাম। সংস্থার কম্পোনেন্ট ম্যানেজার (জেন্ডার এন্ড গর্ভনেন্স) কানিজ গোফরানী কোরাইশী সভার সভাপতিত্ব করেন।
এ সভায় চট্টগ্রামে ১০০ জন পিতাকে “বেস্ট ফাদার” এওয়ার্ডে ভূষিত করে পিএসটিসি। বাল্যবিয়ে প্রতিরোধের অংশ হিসেবে অনুষ্ঠানে এই পদক প্রদান করা হয়। পদক পাওয়া পিতারা ১৮ বছরের আগে তাদের কণ্যাদের বিয়ে দেবেন না বলে অঙ্গীকার করেন।
এরপর হ্যালো, আই এ্যাম প্রকল্পের নাট্যদল বাল্যবিয়ে প্রতিরোধে একটি নাটক প্রদর্শন করে। নাটক প্রদর্শনীর মাধ্যমে সভার সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।