
ম্যাক্রো প্যারিসে ২ শতাধিক ফরাসি কূটনীতিকের এক সমাবেশে এ কথা বলেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, ইরানের সঙ্গে বহুমাত্রিক পরমাণু চুক্তির কোনো বিকল্প দেখছেনা তার দেশ। কারণ এধরনের চুক্তি ইরানের সঙ্গে একটি গঠনমূলক ও দাবির সম্পর্ককে সক্ষম করে।
এদিকে ইরানের সঙ্গে ৬ জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া ওই পরমাণু চুক্তির প্রতি আবারো জোরালো সমর্থন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউ’র রাষ্ট্রদূতদের সম্মেলনে দেয়া বক্তৃতায় সংস্থার পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি বলেছেন, এ সমঝোতা ইউরোপীয় ইউনিয়নের অনুসৃত নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ। তিনি বলেন, আমি আগেও বলেছি এবং আবারো বলছি, এ সমঝোতা শুধু দুটি দেশের মধ্যে হয় নি; এ কথা হয়ত আগামী মাসগুলোতে আরো বলতে হবে।
মোগেরিনি আরো বলেন, পরমাণু সমঝোতা এমন একটি দলিল যার একদিকে রয়েছে পুরো আন্তর্জাতিক সম্প্রদায় আর অন্যদিকে রয়েছে ইরান। এর প্রতি জাতিসংঘের সমর্থন রয়েছে এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ নিয়মিতভাবে প্রত্যয়ন করছে যে, ইরান এ সমঝোতা মেনে চলছে। এছাড়া,আমার সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ কমিশনও একই কথা বলছে; সে কমিশন কোনো একক দেশের নয়।