Tuesday, July 28

পরী মনির ধর্ষণ মামলায় চার্জগঠন ১৯ এপ্রিল

0

অভিনেত্রী পরী মনির দায়ের করা ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও পরীর বন্ধু তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে চার্জগঠন (অভিযোগ গঠন) শুনানির জন্য আগামী ১৯ এপ্রিল দিন ধার্য করা হয়েছে। আরেক আসামি হলেন শহিদুল আলম।

ঢাকার ৯ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হেমায়েত উদ্দিন আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। পরী মণি সাভার থানায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমিসহ তিন জনের বিরুদ্ধে মামলাটি করেছিলেন।

পরী মণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত বলেন ‘গত বছরের ৬ সেপ্টেম্বর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন। পরে মামলাটি বিচারের জন্য নারী ও শিশু আদালতে বদলি হয়ে আসে।’

অভিযোগপত্রে পুলিশ বলেছে, ‘বোট ক্লাবে আসামি নাসির উদ্দিন মাহমুদ ও শাহ শহিদুল আলম চিত্রনায়িকা পরী মণির সঙ্গে অশ্লীল ভাষায় কথা বলাসহ অশ্লীল আচরণ করেন। এ সময় তাঁরা পরী মণিকে মারধরের হুমকি দেন। আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারাসহ পেনাল কোডের ৩২৩/৫০৬ অপরাধ প্রমাণিত হয়েছে।

এ ছাড়া মামলার এজহারভুক্ত আসামি তুহিন সিদ্দিকী অমি চিত্রনায়িকা পরী মণিকে কৌশলে বোট ক্লাবে ডেকে নিয়ে যান। এরপর সেখানে পরীর সঙ্গে শ্লীলতাহানির ঘটনায় অমির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৩০ ধারায় অমির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হলো।’

এদিকে, মামলার পর নানা ঘটনা প্রবাহে বাদী পরী মণি নিজেই আসামি হয়ে যান। গত বছরের ৪ আগস্ট মাদক মামলায় পরী মণিকে তাঁর বনানীর বাসা থেকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযানে নতুন মাদক এলএসডি, মদ ও আইস উদ্ধার করা হয় বলে দাবি করে র‌্যাব। এরপর ওই মামলায় পরী মণিকে তিন দফায় রিমান্ডে নেয় পুলিশ। আদালতে জামিন পেয়ে গত বছরের ১ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুরের মহিলা কারাগার থেকে মুক্তি পান পরী মণি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.