কিকিউ মারমা, বান্দরবান : ভারী বর্ষণে সাঙ্গু নদীর পানির প্রবাহ বৃদ্ধি পাওয়ায় পার্বত্য জেলা বান্দরবানের থানচি উপজেলার পর্যটন কেন্দ্র গুলোতে আপাতত পর্যটক যাতায়াতে নিরুৎসাহিত করছে স্থানীয় প্রসাশন।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল হক মৃদুল-এর বরাত দিয়ে কার্যালয়টির সূত্র জানিয়েছেন, গত দুদিনের টানা বর্ষণে সাঙ্গু নদীতে প্রচুর পানি হওয়ায় নৌপথে থানচির পর্যটন কেন্দ্র গুলো ভ্রমণে নিরাপত্তা ঝুঁকিতে পড়তে হতে পারে পর্যটকদের। এছাড়াও নদীতে পানি বেশি হওয়ার নৌ চলাচল বন্ধ থাকায় পর্যটন কেন্দ্র গুলোতে ঘুড়তে আসলেও পাওয়া যাবে না কোন নৌকা । ইতিমধ্যে স্থানীয়রাও নৌ পথে যাতায়াত বন্ধ রেখেছেন । তবে নদীর অবস্থা স্বাভাবিক হলে আগের মত আবারো পর্যটকরা থানচিতে বেড়াতে আসতে পারবেন বলে জানিয়েছেন ইউএনও ।
স্থানীয়রা জানিয়েছেন, সবুজের ঘেরা পাহাড়, আর পাহাড়ের বুক চিরে বয়ে চলা সাঙ্গু নদী। এসবের টানেই দূর্গম পথ পাড়ি দিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের দেখতে বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবছরই থানচির রেমাক্রি ও তিন্দু ইউনিয়নের নাফাখুম, আমিয়াকুম, সাত ভাইকুম, সারি সারি বড় পাথর, বড় মদক,ছোট মদক এবং আন্ধারমানিক পর্যটনকেন্দ্রগুলো ভ্রমণে শত শত বেড়াতে আসেন ।
এদিকে, গত ৩০ জুন রোয়াংছড়ি থেকে তিনপাসাইতার বেড়ানো শেষে পায়ে হেঁটে রুমার পাইন্দু খাল পাড় হতে গিয়ে প্রবল স্রোতে ভেসে যায় ছয়জনের মধ্যে নৌবাহিনীর কর্মকর্তা ও কলেজ ছাত্রী সহ দুজন । নিখোঁজের দুইদিন পরে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।