পাচঁ বছরেও চালু হয়নি সুন্দরগঞ্জে ফায়ার সার্ভিস ষ্টেশন-এক মাসে পুড়েছে পাঁচ কোটি টাকার সম্পদ 

0

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ কার মরাকে কে সৎকার করবেন। আর কে বা শুনবেন কার কথা। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ষ্টেশনটি নিমাণের পর ২০১৪ সাল হতে উদ্বোধনের অপেক্ষায় দিন গুনছে। কিন্তু কে করবেন উদ্বোধন? যার কারণে গত এক মাসের ব্যবধানে আগুনে পুড়ে গেছে প্রায় পাঁচ কোটি টাকার সম্পদ।

উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি ফায়ার সার্ভিস ষ্টেশন নিমাণের। ২০০৯ সালে গণপূত অধিদপ্তরের তত্ত্বাবধানে পৌরসভার পশ্চিম বাইপাস মোড়ে ফায়ার সার্ভিস ষ্টেশনটির নিমাণ কাজ শুরু হয়। ১ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে মির্জা কন্সট্রাকশন ঠিকাদার প্রতিষ্ঠান ব্যাপক অনিয়মের মধ্যে দিয়ে ২০১৩ সালের ডিসেম্বর মাসে কাজটি শেষ করে। কিন্তু গণপূত অধিদপ্তর আজও ভবনটি বুঝে নেয়নি।ঠিকাদার শফিক মিয়া জানান, ভবনটির নিমাণ কাজ শেষ হওয়ার পর কয়েক দফা ভবনটি বুঝে নেয়ার জন্য আবেদন করলে আজও তা বুঝে নেয়া হয়নি।

বর্তমানে ভবনটি তার তত্ত্বাবধানে রয়েছে। একজন কেয়ার টেকার রেখে পাহাড়া দেয়া হচ্ছে।  গাইবান্ধা গণপূত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহাবুব মোরশেদ জানান- ফায়ার সার্ভিস ডিফেন্সকে বহুবার তাগাদা দেয়া হয়েছে কিন্তু আজও তারা ভবনটি বুঝে নেননি। তবে খুব তাড়াতাড়ি ভবনটি বুঝে নেয়ার ব্যবস্থা করবে জানিয়েছেন তারা ।

গাইবান্ধা ফায়ার সার্ভিস ডিফেন্সের উপ-সহকারি পরিচালক আমিরুল ইসলাম জানান- সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের জন্য গাড়ি, পেট্রোলপাম্প ও জনবল রয়েছে। কিন্তু সুন্দরগঞ্জের জনবল দিয়ে অন্য উপজেলায় কাজ চলছে। উপরের নির্দেশ পেলে সুন্দরগঞ্জের কার্যক্রম শুরু করা হবে।গাইবান্ধা জেলা শহর হতে সুন্দরগঞ্জ উপজেলার দুরত্ব প্রায় ৪৫ কিলোমিটার। উপজেলার কোথাও আগুন লাগলে ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগে তা পুড়ে ছাই হয়ে যায়।

গত আগষ্ট মাসে উপজেলার বালার ছিড়া, ডোমের হাট এবং শোভাগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়। এতে প্রায় পুড়ে যায় পাঁচ কোটি টাকার সম্পদ। স্থানীয় সাংসদ, উপজেলা চেয়ারম্যান, ইউএনও, ওসিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীগণ আগুনে পুড়ে যাওয়া ঘর মালিকদের আর্থিক সহায়তা প্রদান করেছেন। কিন্তু ফায়ার সার্ভিস ষ্টেশন চালু করার ব্যাপারে কোন প্রকার উদ্দ্যোগ গ্রহণ করা হয়নি আজও। বর্তমানে ভবনটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ছে।   উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া জানান- খুব তাড়াতাড়ি ফায়ার সার্ভিসের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.