Monday, August 31

পাটগ্রামে সেতুর সংযোগ সড়ক ভেঙ্গে দুর্ভোগে ২০ হাজার মানুষ

0

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নে বন্যার পানির চাপে একটি সেতুর সংযোগ সড়ক ধ্বসে যায়। এতে ওই এলাকার প্রায় ২০ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয়রা জানান, গত রবিবার রাতে ধরলা নদীর বন্যার পানির চাপে সেতুটির সংযোগ সড়ক ধ্বসে যায়। এর ফলে সেতুটির পূর্ব ও পশ্চিম উভয় দিকে ধবলগুড়ি, নন্দেরঘাট, ডাঙ্গাপাড়া, বড়ভিটা, মন্ডলেরটারী, মন্দিরপাড়া গ্রামের প্রায় ২০ হাজার গ্রামবাসী চরম দুর্ভোগে পড়েছেন। দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল- কলেজগামী শিক্ষার্থীদের। ঝুকি নিয়ে নৌকায় পারাপার হতে হচ্ছে তাদের।

জোংড়া ন্যাশনাল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী জুঁই খাতুন ও লিপ্ছি আক্তার বলেন, সেতুর সংযোগ সড়কটি ভেঙ্গে যাওয়ায় আমাদের বিদ্যালয়ে যাতায়াতে সমস্যা হচ্ছে। আমরা নৌকায় ঝুকি নিয়ে যাতায়ত করছি।

উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, সেতুর সাথে রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় আমরা মালামাল নিয়ে কোথাও যেতে পারছি না। বর্তমানে দু না গাড়ি চলাচল বন্ধ রয়েছে। গাড়ী না চালালে আমরা খাব কী।

জোংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ আলী মানুষের দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, দ্রুত ভেঙ্গে যাওয়া সেতুটির সংযোগ রাস্তাটি দিয়ে মানুষের চলাচলের জন্য বাঁশের সাঁকো নির্মাণ করে দেওয়া হবে।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম জানান, বন্যায় সেতু সংযোগের রাস্তা ভেঙ্গে যাওয়া ও স্থানীয় লোকজনের সমস্যার কথা জানতে পেরে ঘটনাস্থল ঘুরে এসেছি। রাস্তাটি দ্রুত মেরামত করার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.